পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হেলেঞ্চার শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এক আনন্দঘন আবহ সৃষ্টি করে আজ শুভ সূচনা হল চার দিনব্যাপী বইমেলার।

হেলেঞ্চা ড. বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বইমেলার উদ্বোধন ঘিরে সকাল থেকেই কলেজ চত্বর ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে ছাত্র-ছাত্রী,

শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বইপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে।কলেজের জনপ্রিয় অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে আদিবাসীদের ঐতিহ্যবাহী ঝুমুরনৃত্যে ব্যবহৃত ঢোল, ধামসা, মাদলের মূর্চ্ছনায়

এবং কলেজের সকল অধ্যাপক-অধ্যাপিকা, টিচিং ও নন-টিচিং স্টাফ, কলেজের ছাত্রছাত্রী অভিভাবক অবিভাবিকাদের সক্রিয় সহযোগিতায় বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে এই বইমেলার শুভ সূচনা হয়।

উৎসবমুখর এই পদযাত্রা হেলেঞ্চা বাজারের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে বইমেলা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। রঙিন ব্যানার, প্ল্যাকার্ড ও আদিবাসী সাংস্কৃতিক আবহে ভরপুর এই পদযাত্রা এলাকাবাসীর মধ্যেও যথেষ্ট সাড়া ফেলে।

বইমেলার প্রথম দিনের কর্মসূচির দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বাগদা ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন বিভাগের ‘বসে আঁকো’ প্রতিযোগিতা। ছোট ছোট শিল্পীদের সৃজনশীলতায় বইমেলা প্রাঙ্গণ হয়ে ওঠে রঙিন ও প্রাণবন্ত। বেলা দু’টোয় ছিল অতিথি বরণ।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবর্গের তালিকায় ছিল, কলেজটির মধ্যমনি উন্নয়নের কারিগর অধ্যক্ষ ড.চিত্তরঞ্জন দাশ, ড.স্বাগত দাস মহন্ত, ড.নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, ড.হরেকৃষ্ণ মন্ডল, কলেজের জিবি প্রেসিডেন্ট তরুণ ঘোষ,

জিবি মেম্বার রামচন্দ্র বোস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা বিশ্বাস, রাখি মন্ডল, গৌতম মন্ডল, পঞ্চায়েত প্রধান হেলেঞ্চা ও কনিয়াড়া জিপি, সাংবাদিক উত্তম কুমার সাহা প্রমুখ।

অতিথিদের যথাযোগ্য সম্মানের সঙ্গে মঞ্চে আহ্বান করে উত্তরীয়, ‘বোধি স্বরণিকা’ সহ গিফ্ট প্যাকেট প্রদানের মাধ্যমে বরন করে কলেজের কালচারাল বিভাগের সদস্য সদস্যাগন।

বিকাল সাড়ে পাঁচটায় আনন্দমঠের পরিচালনায় ছিল নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ছ’টায় ছিল সঙ্গীত সন্ধ্যা ও ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান। এরপর অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থাকছে ‘জব ফেয়ার’ (বিভূতিভূষণ ভবন),

কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে তাৎক্ষণিক বক্তৃতা, ওয়ান হাওয়ার বুক ডিসকাশান (বাংলার মতুয়া আন্দোলন এবং ভারতের প্রথম সাধারণ নির্বাচন) বিকালে থাকবে বাগদা ব্লক বিদ্যালয় সমন্বয় সভা,

সন্ধ্যায় বাগদা ব্লক চর্যাপদের পরিচালনায় সঙ্গীত সন্ধ্যা। তৃতীয় দিন বিকালে থাকছে আলোচনা (বইয়ের আলোয় সমাজ), সন্ধ্যায় ‘সপ্তক দ্য মিউজিক স্কুলের’ পরিচালনায় “ব্যান্ড সঙ্গীত”। সেই সাথে বিকালে থাকছে ‘ক্যারাটে প্রদর্শনী’।

বইমেলার চতুর্থ বা শেষ দিনে থাকছে, ক্যুইজ প্রতিযোগিতা (একটি প্রতিষ্ঠান থেকে সর্বাধিক দুটি দল অংশ নিতে পারবে। প্রতি দলে তিন জন থাকবে), বিকালে শ্রুতি নাটক, নৃত্য-নাট্য (পরিচালনায়-রঙ্গপ্রভা),সন্ধ্যায় থাকছে ব্যান্ড সঙ্গীত (ওল্ড ইজ গোল্ড)।

বইমেলা প্রাঙ্গণে বিভিন্ন নামী প্রকাশনীর বইয়ের স্টলের পাশাপাশি রয়েছে রকমারি খাদ্যদ্রব্যের স্টল ও নানান ধরনের হস্তশিল্পের স্টল, যা দর্শনার্থীদের কাছে মেলাপ্রাঙ্গনটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

হেলেঞ্চা ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় আয়োজিত বইমেলা ২০২৬ এর উদ্যোক্তাদের অভিমত, কোনো বইমেলার অনুষ্ঠান তখনই সত্যিকারের সার্থক হয়ে ওঠে, যখন পাঠকের ঢল বইমেলা প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে

এবং বই ক্রয়ের মধ্য দিয়ে জ্ঞানচর্চার সংস্কৃতি বিকশিত হয়। তাই বাগদা অঞ্চলের এই ঐতিহ্যবাহী বইমেলাকে সকলের মিলনমেলায় পরিণত করতে এলাকাবাসীর সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান উদ্যোক্তারা।

উল্লেখ্য, এই বৃহৎ আয়োজনকে সর্বাঙ্গীনভাবে সফল করে তুলতে নেপথ্যে নিরলস পরিশ্রম করেছেন কলেজের কালচারাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কৌশিক সাউ,

বাংলা বিভাগের অধ্যাপক চন্দন বিশ্বাস, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. বাসুদেব মন্ডল, ভাইস-প্রিন্সিপাল ড. রূপলিনা ব্যানার্জি এবং আজিজ মন্ডল সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও টিচিং-নন টিচিং কর্মীরা।

















Leave a Reply