পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ বছরও বাগদা জুড়ে ধ্বনিত হল সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে পরিচালিত ‘মা’য়ের নামে একটি গাছ’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাগদার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বৃক্ষরোপণ উৎসব।বাগদা মণ্ডল-১-এর উদ্যোগে বাগদা হাই স্কুল প্রাঙ্গণে, মণ্ডল-২-এর উদ্যোগে আষাঢ়ু বাজারে, মণ্ডল-৩-এর উদ্যোগে বেড়ায় বাজারে এবং মণ্ডল-৪-এর উদ্যোগে গাড়াপোতা বাজারে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিয়ে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা।

সবুজায়নের এই মহতী কর্মসূচিতে স্থানীয় মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৪ নং বাগদা বিধানসভার বিধায়িকা সোনা ঠাকুর। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট মণ্ডলগুলির সভাপতিবৃন্দ, বিজেপির স্থানীয় নেতা-কর্মী এবং বহু পরিবেশপ্রেমী মানুষ বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান সংকটের মোকাবিলায় বৃক্ষরোপণই হতে পারে অন্যতম কার্যকর উদ্যোগ।

‘মা’য়ের নামে একটি গাছ’ শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সামাজিক অঙ্গীকার।সব মিলিয়ে, বিশ্ব পরিবেশ দিবসে বাগদার মাটিতে বৃক্ষরোপণের এই উদ্যোগ পরিবেশ সচেতনতার এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল। প্রকৃতির প্রতি ভালোবাসা, মাতৃসম্মানের আবেগ এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মেলবন্ধন হিসেবে দিনটি স্মরণীয় হয়ে রইল উপস্থিত সকলের কাছে।


















Leave a Reply