নীরেশ ভৌমিক : জন্মমাসে প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু (পরশুরাম) ও বিশিষ্ট কবি ঈশ্বর গুপ্তের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে গত ২৮ মার্চ মধ্যাহ্নে শুরু হয় গোবরডাঙ্গার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৭৬ তম মাসিক সাহিত্য সভা।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কুমকুম চ্যাটার্জী। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ড: সুনীল বিশ্বাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সাহিত্য সভায় অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বর্ষিয়ান শিক্ষক ও সমাজকর্মী কালীপদ সরকার, প্রবীণ সাহিত্যিক ঋতূপর্ণ বিশ্বাস, সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী।

সভা পরিচালনায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট কবি স্বপন বালা।স্বাগত ভাষণে সমিতির সংস্কৃতি প্রেমী সম্পাদক গোবিন্দ লাল মজুমদার উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আয়োজিত সাহিত্য সভা সহ সমিতির বিভিন্ন জনমুখী প্রকল্পের উল্লেখ করে মনোজ্ঞ ভাষণ দেন।

স্বনামধন্য সাহিত্যিক ঋতূপর্ণ বাবু পরশুরাম ও ঈশ্বর গুপ্তের জীবন, কর্ম ও সাহিত্যচর্চার উপর আলোকপাত করেন। সেই সাথে উপস্থিত স্বনামধন্য সাহিত্যিক নকুল মল্লিককে সাহিত্যের দ্রোণাচার্য আখ্যা দিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।

এদিনের সাহিত্য সভায় বিশিষ্ট কবি তাপস বিশ্বাস প্রণীত ৩৫টি কবিতা সম্বলিত প্রথম কাব্যগ্রন্থ “বসন্তে বৈরাগ্য” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। গ্রন্থটি উপস্থিত সুধীজনের ভূয়সী প্রশংসা লাভ করে। এদিন পুষ্পস্তবক, উত্তরীয়, মেমেন্টো সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক নকুল বিশ্বাস মহাশয়কে।সাহিত্যিক ঋতুপর্ণ বাবু নকুল মল্লিককে সাহিত্যের দ্রোণাচার্য আখ্যায় ভূষিত করে তাঁর জীবন ও কর্মের ওপর মূল্যবান বক্তব্য রাখেন।

নকুল বাবুকে প্রদত্ত মানপত্র পাঠ করে শোনান শ্যামলী দেবনাথ। উদ্যোক্তারা সেবার এই নিরন্তর সাহিত্য চর্চাকে সাহিত্য সেবায় পরিণত করেছে বলে উপস্থিত বিশিষ্টজনেরা মন্তব্য করেন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি-সাহিত্যিকগণ স্বরচিত কবিতা ও রচনা পাঠ করে শোনান। শিশু সাহিত্যিক তীর্থ বিশ্বাসের ছোটগল্প ও দিশা বিশ্বাসের কবিতা পাঠ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

এদিনের সাহিত্য সভায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর চ্যাটার্জী, প্রবীর হালদার ও বর্ষীয়ান বিমল রঞ্জন সরকারের কন্ঠের গান সকলের প্রশংসা লাভ করে ও শিক্ষিকা সোমা সরকারের বাঁশির সুর সকলকে মুগ্ধ করে।

বহু কাব্য-সাহিত্য প্রেমী মানুষেজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠিত সাহিত্য সভা প্রবীণ শিক্ষক ও কবি স্বপন বালার সুচারু সঞ্চালনায় বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।


















Leave a Reply