নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও ২৯ জানুয়ারি দুর্গাচার্য্য শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১ তম আবির্ভাব দিবস উপলক্ষে গাইঘাটার দোগাছিয়া মনমোহনপুরের প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশ্রমের প্রাণপুরুষ স্বামী দেবেশানন্দ ও স্বামী হৃদয়ানন্দজীর আহ্বানে এদিন দেশের বিভিন্ন মঠ ও মিশনের বেশ কয়েকজন সাধু-সন্ত ও ভক্তবৃন্দ উপস্থিত হন।

২৫ জানুয়ারি কচি-কাঁচা পড়ুয়াদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের সূচনা হয়।

২৯ জানুয়ারি প্রত্যুষে মঙ্গলারতি, বেদ পাঠ, চণ্ডীপাঠ, ভক্তিগীতি, ভাগবত গীতা পাঠ, বিশ্ব শান্তিযজ্ঞ, ঠাকুরের পূজা, আরতি ,নাম গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বহু সাধু-সন্ত ও ভক্তবৃন্দের সমাগম ঘটে।

উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ের স্বাগত নন্দজী মহারাজ, নির্মল মহারাজ, বিষ্ণু মহারাজ, সর্বানন্দজী, অরূপ মহারাজ ও প্রণয় ঘোষ প্রমূখ।

যজ্ঞের মাহাত্ম্য ও গীতা পাঠ সম্পর্কে সাধু মুখে সাধুকথায় অংশ নেন বিশিষ্ট স্বামীজিগণ। অসি চালনা মহাযজ্ঞে ও অংশ নেন স্বামী দেবেশানন্দজী।

ধর্মমূলক সংগীত পরিবেশন করেন মিনতী নট্য, ডাঃ পীযূষ কান্তি ধর প্রমুখ শিল্পীগণ। অনুষ্ঠান অঙ্গনে ধর্মীয় পুস্তকের স্টলে ও ডাঃ ধরের নিঃশুল্ক চিকিৎসা কেন্দ্রে বহু মানুষের সমাগম ঘটে।

নানা অনুষ্ঠান ও বহু ভক্ত সমাগমে প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান ও কর্মসূচী সার্থকতা লাভ করে।


















Leave a Reply