ইছাপুরের প্রতুল পাঠাগারে সাড়ম্বরে ভাষা দিবস উদযাপন

নীরেশ ভৌমিক : গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে গাইঘাটার ইছাপুর এর প্রতুল পাঠাগার কর্তৃপক্ষ।

এদিন মধ্যাহ্নে ছাত্র-ছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে নানা কর্মসূচীর সূচনা হয়। দুটি বিভাগে ৮৪ জন শিক্ষার্থী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অপরাহ্ণে ভাষা শহীদদের স্মৃতিতে নির্মিত বেদীতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। সমবেত বিশিষ্ট ব্যক্তিবর্গ ওপার বাংলার ঢাকা শহরে ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার স্বাধিকার রক্ষার

আন্দোলনে পাকিস্তানি পুলিশের গুলিতে নিহত ভাষা শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন। দিনটির গুরুত্ব এবং তাৎপর্য উল্লেখ করে মনোজ্ঞ ভাষণ দেন স্থানীয় ইছাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক পাল ও

বিশিষ্ট শিক্ষাব্রতী অশোক কুমার সাহা প্রমূখ। পরিশেষে দুটি বিভাগে অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক গোপাল ঘোষের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এদিনের ভাষা শহীদ স্মরণ উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *