গোবরডাঙ্গায় সাড়ম্বরেঅনুষ্ঠিত কথা প্রসঙ্গ নাট্য উৎসব ২০২৬

নীরেশ ভৌমিক : গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটকের শহর গোবরডাঙ্গার সুসজ্জিত পৌর টাউন হলে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে মহাসমারোহে শুরু হয় কথা প্রসঙ্গ নাট্যদল আয়োজিত নাট্য উৎসব ২০২৬।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গার সাংস্কৃতিপ্রেমী পৌরপ্রধান শঙ্কর দত্ত, ভারত সরকারের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের ডিরেক্টর আশিস গিরি, বিশিষ্ট সাংবাদিক বিপ্লব ঘোষ, নাট্য ব্যক্তিত্ব আশিস দাস ও আশিস চ্যাটার্জী প্রমুখ।

কথা প্রসঙ্গ নাট্য দলের কর্ণধার বিকাশ বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে কথা প্রসঙ্গ সহ সমগ্র গোবরডাঙ্গার নাট্যচর্চার ভুয়সী প্রশংসা করেন।

পাঁচদিন ব্যাপী আয়োজিত নাট্যোৎসবের সূচনায় অনীক প্রযোজিত মঞ্চ সফল নাটক ‘আক্ষরিক’ মঞ্চস্থ হয়। ব্রিটিশ ভারতে এদেশে অক্ষর ও বর্ণমালার সৃষ্টি এবং বই ছাপানোর ব্যাপারে উইলিয়াম কেরী, হিকি সাহেব এবং সেই সঙ্গে এ রাজ্যের পঞ্চানন কর্মকারের অবদান নাটকটিতে সুন্দরভাবে ফুটে ওঠে।

দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় ভুমিসুত থিয়েটার প্রযোজিত ‘অশ্বখুরের ধুলো’ নাটকটি সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে। তৃতীয় দিন চাকদহ নাট্যদল প্রযোজিত ‘একটা ইস্কুল’ নাটকটি সকলের ভালো লাগে।

চতুর্থ দিন মঞ্চস্থ হয় গোবরডাঙ্গা নকসার সকলের ভালোলাগা নাটক ‘বিউটিফুল মাসি’ ও কলকাতার সুন্দরম প্রযোজিত সাড়া জাগানো নাটক ‘নরক গুলজার’।

১ মার্চ উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় দত্তপুকুর দৃষ্টি প্রযোজিত কবিগুরুর কাহিনী অবলম্বনে মর্মস্পর্শী নাটক ‘ডাকঘর’। এদিন নাট্যোৎসবের শেষ নাটক মঞ্চস্থ করে কথা আয়োজক কথা প্রসঙ্গ নাট্য দল

প্রযোজিত ‘নাগিনী কন্যার কাহিনী’ নাটকটি দর্শক সাধারনের মনের মনিকোঠায় স্থান করে নেয়। প্রতিদিন অগণিত নাট্যমোদী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কথা প্রসঙ্গ নাট্য উৎসব ২০২৬ বেশ জমজমাট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *