চাঁদপাড়ায় একুশে উদযাপন কমিটির ভাষা শহীদ স্মরণ

নীরেশ ভৌমিক : গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বর্ষিয়ান সাংবাদিক সরোজ চক্রবর্তী কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে মহাসামারহে শুরু হয় চাঁদপাড়ার একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান।

বাংলার সাহিত্য, চলচ্চিত্র ও সংগীত অগ্রগণ্য সুকান্ত, ঋত্বিক ও সলিল এর জন্ম শতবর্ষের আলোকে আয়োজিত এদিনের ভাষা দিবসের অনুষ্ঠানে বিগত বছরের মত এবারও এলাকার কয়েকজন বিশিষ্ট জনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সংবর্ধিত গুণীজনদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বর্ষিয়ান নারায়ণ চক্রবর্তী, রবিউল ইসলাম, শিক্ষা কর্মী দিলীপ সরকার, সঙ্গীতজ্ঞ বাদল রায় ও কুংফু প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত সৌমব্রত চক্রবর্তী।

শুরুতে প্রখ্যাত শিল্পী শম্ভু নট্ট এর ক্লারিওনেট এর সুর ও বিশিষ্ট ঢোল বাদক গোপাল নট্ট এর ঢোল বাজনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। একুশে উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার সাহা ও সম্পাদক

কপিল ঘোষ দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওপার বাংলায় ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার স্বাধিকার রক্ষার আন্দোলনের নিহত রফিক, জব্বার, সালাম, বরকত প্রমূখ ভাষা শহীদদের স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান।

শহীদদের স্মরণে সকলে উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।বিগত বৎসরের মত এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে যথাক্রমে ৮৫ ও ৯০উর্ধ্ব মার্কস প্রাপক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণকে পুরস্কৃত করা হয়।

গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রম সহ এলাকার বেশ কয়েকটি বিদ্যালয়ের দুস্থ ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীর কন্ঠের আবৃত্তি, বিশিষ্ট সঙ্গীতশিল্পী অন্তরা সাহার গাওয়া ভাষা দিবসের গান

এবং স্থানীয় নুপুর নৃত্যকলা কেন্দ্রের শিল্পীদের দেশাত্মবোধক নৃত্যের অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।পরদিন ভাষার দিবসের সকালে নির্মিত শহীদ স্মারক বেদীতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে।

পরিশেষে স্কুল পড়ুয়া ও ভাষাপ্রেমী মানুষজনের এক বর্ণাঢ্য মিছিল চাঁদপাড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। রন পা, ব্রতচারী ও এনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজে অনুষ্ঠিত বর্ণময় শোভাযাত্রা এলাকাবাসীর নজর কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *