নীরেশ ভৌমিক : বিগত বৎসরগুলির মত এবারও বার্ষিক উৎসবের আয়োজন করে সংস্কৃতির নগর ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা কলাভূমির সদস্যগণ।

গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরনগর খেলার মাঠের অস্থায়ী সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্বলন করে দু’দিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য অভিজিৎ বিশ্বাস, স্থানীয় ইছাপুর ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মনীন্দ্র চন্দ্র দত্ত, সংস্কৃতি প্রেমী শিক্ষক গোবিন্দ ঘটক, দীপক মিত্র, রঞ্জিত কুমার বনিক বিশ্বাস ও বৈদ্যনাথ দলপতি প্রমুখ।

কলাভূমির সভাপতি ডঃ অরূপ মজুমদার উপস্থিত সকলকে স্বাগত জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে সুস্থ ও সংস্কৃতি এবং সেই সঙ্গে নৃত্যচর্চা ও প্রসারে কলাভূমি ও তাঁর কর্ণধার বিশিষ্ট নৃত্য শিল্পী কৃষ্ণ বণিকের উদ্যোগের ভূয়সী বক্তব্য রাখেন।

সংস্থার সদস্যগণের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। সংস্থার শতাধিক শিক্ষার্থী কত্থক সহ বিভিন্ন নৃত্য পরিবেশন করে। কচি কাঁচা দের নৃত্যানুষ্ঠান সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।

নৃত্য ছাড়াও ছিল মূকাভিনয় ও মার্শাল আর্টের প্রদর্শনী। পরিবেশিত শিক্ষামূলক নৃত্যনাট্য ‘বসুন্ধরা’ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

নানা অনুষ্ঠান ও বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদয়ন সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত ৫ ম বার্ষিক কলাভূমি উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।

















Leave a Reply