নীরেশ ভৌমিক : ১৪ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রদীপ প্রোজ্জ্বলন, ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে গাইঘাটার মিশন তপোবনে মহাসমারোহে শুরু হয় একবিংশতিতম বার্ষিক মহা শিবরাত্রি উৎসব।

দ্বিতীয় দিন সকালে অঙ্কন ও যোগাসন প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় গুণীজন সংবর্ধনার অনুষ্ঠান। উপস্থিত মা-বোনেদের উলু ও শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে নানা উপহারে বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মাননা জ্ঞাপন করা হয়।

অপরাহ্ণে অনুষ্ঠিত কবি সম্মেলনের সূচনায় বিগত বছরের স্বরচিত কবিতা পাঠে প্রথম গোবিন্দ কুন্ডু, দ্বিতীয় অমলেন্দু বিশ্বাস এবং তৃতীয় স্থানাধিকারী মনোতোষ সরকারকে পুরস্কৃত করা হয়।

তৃতীয় দিন মিশনের শ্রীশ্রী ত্রিকালেশ্বর মন্দির অঙ্গনে বিশ্ব শান্তি মহাযজ্ঞে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু মহারাজগণ অংশগ্রহণ করেন।

পতঞ্জলি যোগ পীঠের সাধু-সন্ত ও চাকলা লোকনাথ মন্দিরের ভক্তগণ মিশন তপোবনের অনুষ্ঠানে উপস্থিত হন। মিশনের প্রাণপুরুষ সুভাষ মহন্ত আগত সকলকে স্বাগত জানান।

প্রতিদিন সন্ধ্যায় মিশন প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতি প্রেমী বহু মানুষের উপস্থিতিতে মিশন তপোবন আয়োজিত এবারের শিবরাত্রি উৎসব সার্থক হয়ে ওঠে।


















Leave a Reply