নাট্য ও শান্তির সংস্কৃতি বার্তা নিয়ে একটি প্রযোজনা’র বিশ্ব নাট্য দিবস উদযাপন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নাট্য ও শান্তির সংস্কৃতি বার্তা নিয়ে ‘একটি প্রযোজনা’ উদযাপন করল বিশ্ব নাট্য দিবস। প্রতি বছর ২৭শে মার্চ বিশ্ব নাট্য দিবস উদযাপনের জন্য সারা বিশ্ব একত্রিত হয়, যা নাট্যকলা নামক এই প্রাণবন্ত শিল্পরূপকে সম্মান জানানোর একটি উপলক্ষ। এটি কেবল নাট্যকলার শৈল্পিকতা ও সৃজনশীলতাকেই উদযাপন করে না, বরং এর সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক তাৎপর্যকেও তুলে ধরে।

এই উপলক্ষে প্রতি বছরের মত এবছরও একটি প্রযোজনা নাট্য সংস্থা অভিনেতা উইলেম ড্যাফোর বার্তা অনুসারে ‘নাট্য ও শান্তির সংস্কৃতি’ বার্তার নিয়ে মানুষের কাছে হাজির হয়। পাশাপাশি এই দিনটিতে একটি প্রযোজনা নাট্য সংস্থা সারাদিনব্যাপী নাট্য বিষয়ক নানান কর্মসূচি গ্রহণ করেছিল। নাটক মানব অভিব্যক্তির অন্যতম প্রাচীন মাধ্যম এবং এটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। এই কথাকেই মাথায় রেখে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় ভিত্তিক নাট্য কর্মশালার আয়োজন করা হয়েছিল।

কালিদাসী মিত্র বিদ্যালয়ের প্রায় কুড়ি জন ছাত্রছাত্রী সকাল থেকে খেলার ছলে নাটকের নানান পাঠ নিতে উৎসুক ছিল। এদিন একটি প্রযোজনা’র নাট্যগুরু সমাপ্তি ঘোষের তত্বাবধানে সংস্থার অন্যতম সদস্য অর্পিতা হালদার ও অহনা দাস সমগ্র কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালা শেষে বিদ্যালয়ের শিক্ষিকা রিয়া বসু বলেন, স্কুলের বাচ্চারা পড়াশুনার পাশাপাশি একটি নতুন জিনিস খুব আনন্দ করে উৎসাহ নিয়ে শিখছে এবং এত সুন্দরভাবে ওঁদের মত করে শেখানোর জন্য প্রশিক্ষক ও একটি প্রযোজনা নাট্য সংস্থাকে ধন্যবাদ।

এদিন সন্ধ্যায় সংস্থার মহলা কক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ করেন অভিনেতা, নির্দেশক ভাস্কর পাল, নাট্যদিবসের প্রাসঙ্গিকতা নিয়ে বলেন নির্দেশক সমাপ্তি ঘোষ। এরপর সংস্থার কলাকুশলীরা গল্পপাঠ, ছোট নাটিকা, আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে একটি উপহার তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আগামীকাল ২৮ মার্চ, গড়ফা শিবতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি নাট্য কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান শ্রীমতী সমাপ্তি ঘোষ।

তিনি আরও জানান এখন আগের চেয়েও বেশি বেই করে আমাদের শিল্পকলাকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করতে হবে, যাতে প্রতিকূলতার মাঝেও নাটকের বিকাশ অব্যাহত থাকে। সরাসরি মঞ্চায়ন হোক বা যেকোন মাধ্যমে, থিয়েটারে আমাদের অনুপ্রাণিত করার, আলোড়ন তোলার এবং একতাবদ্ধ করার ক্ষমতা রয়েছে। বিশ্ব নাট্য দিবসে, আসুন আমরা এই প্রাচীন শিল্পরূপের চিরস্থায়ী ঐতিহ্যকে উদযাপন করি এবং এর সংরক্ষণ ও প্রসারের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *