পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে পায়খানার প্যানে সদ্যজাত শিশুর নিথর দেহ প্রাপ্তির হৃদয় বিদারক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই হাসপাতাল চত্বরে ব্যাপক ভাবে সাধারণ মানুষের ভীড় জমতে শুরু করে। পরে বাগদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, শুক্রবার সকালে হাসপাতালের শৌচাগার পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা প্রথমে পায়খানার প্যানে কিছু অস্বাভাবিক দেখতে পান।

পরে ভালো করে লক্ষ্য করতেই দেখা যায় সেখানে একটি সদ্যজাত শিশুর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শিশুটিকে জন্মের পরই ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে কীভাবে এই ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এখনও পর্যন্ত শিশুটির বাবা-মা বা পরিবারের কারও পরিচয় জানা যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং হাসপাতালের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


















Leave a Reply