স্যার সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে প্রস্তাবিত জাতীয় বিজ্ঞান দিবস ঘোষিত

নীরেশ ভৌমিক : ১৯৮৬ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ পরিষদ (NCSTC) দ্বারা প্রস্তাবিত জাতীয় বিজ্ঞান দিবস ঘোষিত হয় ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ । ১৯৮৭ সাল থেকে প্রতি বছর ঐ নির্দিষ্ট দিনটি স্যার সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে পালিত হয়, যার জন্য তিনি ১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন ।

জাতীয় বিজ্ঞান দিবসের উদ্দেশ্যই হল বিজ্ঞান এবং এর প্রয়োগের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ে সচেতন করা, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার মুক্ত বৈজ্ঞানিক চেতনা জাগিয়ে তোলা । আর ২০১৭ সালের এমনই একদিনে গোবরডাঙার বিশিষ্ট শিক্ষাব্রতী ,

ভারতের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার এর নামকে পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে তাঁরই নামে তিন তিনটি বিদ্যালয়( বালক, বালিকা ও প্রাথমিক)এর প্রতিষ্ঠাতা ও তার একটি(বালক বিভাগ)র প্রধান শিক্ষক হরিপদ দে মহাশয়ের জীবনাবসান ঘটে ।

নয় নয় করে ন- টা বছর কেটে গিয়ে দশম বর্ষ প্রয়ান দিবসটিও প্রতিবছরের মতনই তাঁর অনুপ্রেরণায় ও শিক্ষায় বেড়ে ওঠা তাঁরই পরিবারের সদস্যদের উদ্যোগে এই দিনটা শিশু কিশোরদের মনে বিজ্ঞান মনস্কতা , পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য শপথ নেওয়ার দিন হিসেবেই পালিত হলো ।

এবছর হরিপদ বাবুর ছোট ছেলে অরিন্দম দের প্রতিষ্ঠান এষণা পরিবারের উদ্যোগে ও বড় ছেলে অনিরুদ্ধ দে র প্রতিষ্ঠান PRISM এর সহযোগিতায় দত্তপুকুর আদর্শ বিদ্যাপীঠ এ পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস । এদিনের অনুষ্ঠানে এষণা পরিবারের পক্ষ থেকে বিজ্ঞান ও পরিবেশ কর্মী আশিস দাঁ জাতীয় বিজ্ঞান দিবসের প্রেক্ষাপট ও হরিপদ দে মহাশয়ের কর্ম জীবন নিয়ে আলোচনা করেন ।

বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক বাসুদেব দাস মহাশয়ের হাতে উত্তরীয় ও হরিপদ দে রচিত দুখানি গ্রন্থ তুলে দেওয়া হয় এষণার পক্ষ থেকে । বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পীযূষ বাবুর অকুণ্ঠ সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সামনে এষণার বিজ্ঞান মঞ্চ শাখার পক্ষে বিজ্ঞান ও পরিবেশ আন্দোলনের সক্রিয় কর্মী ও শিক্ষক অরিন্দম দে , অঞ্জনা দে পরিবেশ সচেতনতার বার্তা হাতে কলমে দেবার পর বিজ্ঞান মনস্কতা প্রসার মূলক “যুক্তিযোগ ” অনুষ্ঠান পরিবেশন করে ।

সমগ্র অনুষ্ঠানে অরিন্দম বাবুকে সহযোগিতা করে তাঁরই দুই ছাত্র নয়ন ও রোহিত । অনুষ্ঠান শেষে উৎসাহী ছাত্র-ছাত্রীদের সাগ্রহ জিজ্ঞাসাবাদে প্রশ্ন উত্তর পর্ব দেখে অনুমান করাই যেতে পারে বিজ্ঞান দিবসে এষণার এই প্রয়াস সার্থক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *