পারফেক্ট টাইম নিউজ ডেস্ক, কলকাতা : বর্ষার মরসুমে ফের উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে চার হাজার ছাড়িয়েছে। আক্রান্তের নিরিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সংক্রমণের দাপট বেশি। তালিকায় প্রথমে রয়েছে মুর্শিদাবাদ, দ্বিতীয় কলকাতা এবং তৃতীয় উত্তর ২৪ পরগনা।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ২ সেপ্টেম্বর পর্যন্ত মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৭০। কলকাতায় আক্রান্ত ৪০২ জন এবং উত্তর ২৪ পরগনায় ৩৪৬ জন। এছাড়া মালদায় ৩৩১, দক্ষিণ ২৪ পরগনায় ৩২৪, নদিয়ায় ৩১৬, হুগলিতে ২৯৩, হাওড়ায় ২৭৬, পূর্ব বর্ধমানে ২৩৩ এবং পশ্চিম বর্ধমানে ১৪০ জন আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, ডেঙ্গিকে ‘অজানা জ্বর’ বলে উল্লেখ না করে রোগের সঠিক নামই নথিভুক্ত করা উচিত।
স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন জানিয়েছেন, ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামস্তরেও সচেতনতা প্রচার চলছে এবং নির্দিষ্ট সময় অন্তর পরিস্থিতি পর্যালোচনা ও তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও চিকিৎসকদের রোগের সঠিক নাম নথিভুক্ত করার নির্দেশের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, ডেঙ্গি থাকলে ডেঙ্গিই লিখতে হবে—রোগের তথ্য গোপন করার কোনও কারণ নেই।
বর্ষার মধ্যে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য দফতর।




















Leave a Reply