সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন ঠাকুরনগরের আনন্দপাড়া প্রাথমিক বিদ্যালয়ে

নীরেশ ভৌমিক : ‘রাজার সম্মানের চাইতেও একজন শিক্ষকের সম্মানকে যিনি বড় মনে করতেন’ সেই জাতীয় শিক্ষক ও মহান দার্শনিক ও স্বাধীন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিন (৫ ই সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করেন গাইঘাটা পূর্বচক্রের আনন্দপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ।

এদিন সকালে বিদ্যালয়ের সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রজ্জ্বোলন ও ডঃ রাধাকৃষ্ণান এর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পন করে, শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয় আয়োজিত নানা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর।

পরে আসেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, ছিলেন গাইঘাটা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বোস প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ সরকার সকল বিশিষ্টজনদের স্বাগত জানান।

বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক উপহারে সকলকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিগণ তাঁদের বক্তব্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে এত সুন্দর শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন,

সেই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বতোভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়াগণ সংগীত, আবৃত্তি, নৃত্য, যোগাসন ও জিমন্যাস্টিক ইত্যাদি পরিবেশন করে।

সবশেষে বিদ্যালয়ের শিক্ষকগণের সহযোগিতায় মঞ্চস্থ হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে মজার নাটক ‘লালুর পাঁঠাবলি’। ছাত্রীগণ মঞ্চস্থ করে নাটিকা ‘হিংসে’।

উপস্থিত কয়েকশো মানুষ নাটক দুটি বেশ উপভোগ করেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *