নীরেশ ভৌমিক : সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ,সারাদেশের সাথে বনগাঁতেও মহাসমারোহে উদযাপন করে জন্মাষ্টমী উৎসব। এদিন অপরাহ্নে সংস্কার ভারতীর উত্তর ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে ও ব্যবস্থাপনায় বনগাঁ পৌরসভার চন্দ্রিকা হলে অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী উৎসব।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের জেলা নেতৃত্ব ও সঙ্ঘ চালক সুকুমার নাথ দীপ মন্ত্রের মধ্য দিয়ে এবং মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজিত উৎসবের সূচনা করেন। সংস্কার ভারতীর সদস্যগণ সমবেত কন্ঠে ভাবসংগীত পরিবেশন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কার ভারতীর অন্যতম নেতৃত্ব বিশ্বনাথ সিনহা ও বনগাঁ পৌরসভার পৌরপ্রধান দিলীপ মজুমদার প্রমুখ। সংস্কার ভারতীর জেলা নেতৃত্ব শাশ্বতী নাথ উপস্থিত সকল বিশিষ্টজনদের স্বাগত জানান।

স্বয়ংসেবক সঙ্ঘের জেলা নেতৃত্ব সুকুমার নাথ দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, ভগবান শ্রীকৃষ্ণ যুগে-যুগে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য ধরাধামে এসেছেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছেন। আমাদেরও সকলকে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে হবে।

শাশ্বতী নাথ বলেন, অখিল ভারতীয় শিল্পী সংগঠন ভারতীয় কৃষ্টি সভ্যতা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে প্রয়াস চালিয়ে যাচ্ছে। যুগপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিনে সংস্কার ভারতীর শিল্পীগণ ভজন, কীর্তন ও নৃত্যলেখ্য পরিবেশন করছেন।

এদিনের মনোজ্ঞ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বনগাঁ চর্চা কেন্দ্র পরিবেশিত শ্রীকৃষ্ণভজন, গাইঘাটার জামদানি চর্চা কেন্দ্রের কীর্তন গান ও বিশিষ্ট নৃত্যশিল্পী তন্ময় পালের কথক নৃত্য এছাড়াও নৃত্যালেখ্য ‘কালীয়া দমন’ সমবেত দর্শক মণ্ডলীকে মুগ্ধ করে।

বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী দীপাঙ্ক দেবনাথের সঞ্চালনায় সংস্কার ভারতীর জেলা শাখা আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।





















Leave a Reply