পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা, নির্বাচনী কাজের অতিরিক্ত চাপ সামলাতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেন বাগদা পারমাদনের বাসিন্দা পাথুরিয়া ৩০ নম্বর পার্টের বিএলও স্মরজিৎ হালদার। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সোমবার সকালে প্রতিদিনের মতোই প্রাইভেট টিউশন পড়িয়ে সংশ্লিষ্ট স্কুলে আসেন স্মরজিৎ হালদার। স্কুলে পৌঁছানোর পরই তিনি চরম মানসিক অবসাদের বশে এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। স্কুল ভবনের একটি কক্ষে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

ঠিক সেই সময়েই পাথুরিয়া গ্রামেরই এক ব্যক্তি ফোরপাশ সার্টিফিকেট নেওয়ার উদ্দেশ্যে স্কুলে আসেন। স্কুলের ভেতরে ঢুকেই তিনি স্মরজিৎ হালদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হলে দ্রুত তারা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন।
এরপর তড়িঘড়ি স্মরজিৎ হালদারকে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে খবর, শিক্ষকতার পাশাপাশি বিএলও হিসেবে দায়িত্ব পালনের সময় সাম্প্রতিককালে কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই মানসিক চাপ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহল ও প্রশাসনিক স্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উপর কাজের চাপ এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

















Leave a Reply