নীরেশ ভৌমিক : চাঁদপাড়ার ঐতিহ্যবাহী আবৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় দ্বিতীয় বার্ষিক ‘কবিতায় আলাপ’ অনুষ্ঠান সম্পন্ন হল গত ২২ মার্চ চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের সোনারতরী মঞ্চে।

প্রদীপ প্রোজ্জ্বলন করে নয়, বৃক্ষচারায় বারি সিঞ্চনের মধ্য দিয়ে আয়োজিত ‘কবিতায় আলাপ’ অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস,

ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী শ্যামল বিশ্বাস, সংস্কৃতিপ্রেমী শোভা সাঁতরা, ত্রিদীপ মণ্ডল, পার্থপ্রতিম রায় প্রমুখ।

‘কবিতায় আলাপ’ এর কর্ণধার পলাশ সাঁতরা এবং স্বনামধন্য বাচিক শিল্পী ও শিক্ষিকা জ্যোতি সাঁতরা আগত সকল অতিথিবৃন্দকে স্বাগত জানান।

শিক্ষার্থীবৃন্দ সকল অতিথিবৃন্দকে ব্যাজ ও পুষ্পস্তবকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ আবৃত্তি চর্চা ও সুস্থ সংস্কৃতির প্রসারে ‘কবিতায় আলাপ’ ও তার কর্ণধার জ্যোতি দেবীর মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

এদিন সকালে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসে আঁকো ও সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়। অপরাহ্নে প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ

একক ও সমবেত আবৃত্তি পরিবেশন করে। আবৃত্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি উৎপল কুমার ধাড়া ও কবি নির্মল করন।

পরিশেষে পরিবেশিত চাঁদপাড়া এক্টর পরিচালক ও প্রখ্যাত জাদুকর সুভাষ চক্রবর্তীর ম্যাজিক শো উপস্থিত ছোট-বড় সকলের মনোরঞ্জন করে।

নানা অনুষ্ঠান ও বহু কাব্য ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ‘কবিতায় আলাপ’ এর ২য় বার্ষিক অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।
















Leave a Reply