বাগদা বিধানসভায় নতুন সমীকর: নির্দল প্রার্থী দুলাল বরের মনোনয়ন ঘিরে রাজনৈতিক ঝড় !!

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ৯৪ নং বাগদা বিধানসভা কেন্দ্রে ২০২৬-এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনীতির আকাশে জমাট বাঁধছে অনিশ্চয়তার মেঘ। সেই অনিশ্চয়তাকে আরও ঘনীভূত করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন বিধায়ক দুলাল চন্দ্র বর। রাজনৈতিক মহলে এই ঘটনা শুধু একটি মনোনয়ন জমা দেওয়ার খবর নয়—এ যেন বাগদার ভোটযুদ্ধের মানচিত্রে এক নতুন রেখা টেনে দেওয়া। দুলাল বর দীর্ঘদিন বিজেপির নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল, এবারও তিনি পদ্ম প্রতীকে লড়বেন। কিন্তু দল শেষ পর্যন্ত ভরসা রাখল ঠাকুরনগর ঠাকুরবাড়ির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের উপর। ফলে বিজেপির টিকিট না পেয়ে নির্দল পথে হাঁটলেন দুলাল বর। আর সেই পথেই তৈরি হল এক নতুন রাজনৈতিক বিস্ফোরণ।

দলবদলের ইতিহাস, কিন্তু রাজনৈতিক বাস্তবতা আরও নির্মম :

দুলাল বরের রাজনৈতিক জীবন বহুবার দল পরিবর্তনের গল্পে ভরা। কংগ্রেস, তৃণমূল, বিজেপি—একাধিক দল ঘুরে তিনি পরিচিত হয়েছেন ‘দলবদলু’ ও ‘ক্ষমতালোভীর’ তকমায়। যদিও দুলাল বাবুর পক্ষ থেকে বার বার দল বদলের ব্যাপারটাকে তাঁর নয় মানুষের কল্যাণেই করেছেন বলে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন।
অবশ্য সমালোচকরা বলছেন, ক্ষমতার কাছাকাছি থাকাই তাঁর মূল লক্ষ্য। এমনকি কেউ কেউ কটাক্ষ করে বলছেন—“বিজেপির টিকিটে এমএলএ হলে সে তৃণমূলেই চলে যেত!”
কিন্তু রাজনীতিতে ইতিহাসের মূল্য শুধু নিন্দা বা প্রশংসায় সীমাবদ্ধ থাকে না। বাস্তবতা হল—দুলাল বর বাগদার মাটিতে এক পরিচিত নাম। তাঁর জনপ্রিয়তা নিয়ে যতই প্রশ্ন থাকুক, ভোটের অঙ্কে তিনি যে একটি ফ্যাক্টর হতে পারেন, তা অস্বীকার করার জায়গা নেই।

ঠাকুরবাড়ির প্রভাব বনাম ভূমিপুত্রের দাবি:

এই নির্বাচনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য—বাগদা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল ও বিজেপি, উভয়ের প্রার্থীই ঠাকুরবাড়ির পরিচয়ের ছায়ায় দাঁড়িয়ে।
একদিকে তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর, ঠাকুরবাড়ির মেয়ে, মতুয়া সমাজে গুরু পরিচিতি, এবং তাঁর মা রাজ্যসভার সাংসদ হওয়ায় এলাকায় বিশেষ প্রভাব রয়েছে। অন্যদিকে বিজেপির প্রার্থী সোমা ঠাকুর, ঠাকুরবাড়ির বৌ, স্বামী কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় তাঁরও রাজনৈতিক পরিচিতি শক্তিশালী।
কিন্তু এই দুই প্রার্থীর ক্ষেত্রেই সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি ছিল—প্রার্থী হবেন বাগদার ভূমিপুত্র বা ভূমিকন্যা। সেই দাবি উপেক্ষিত হওয়ায় বাগদার পথে-প্রান্তরে জলঘোলা হয়েছে। অনেকেই বলছেন, “ঠাকুরবাড়ির জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হয়েছে বাগদার মানুষের কাঁধে।”
আর ঠিক এখানেই দুলাল বর নিজেকে তুলে ধরছেন প্রতিবাদের প্রতীক হিসেবে। তাঁর বক্তব্য ও সমর্থকদের দাবি—তিনি ঠাকুরবাড়ির একচেটিয়া প্রভাব ভাঙতে যুদ্ধ ঘোষণা করেছেন।

কুঠারের আঘাত নাকি মরিচিকার রাজনীতি?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুলাল বর এক অদ্ভুত দ্বৈত পরিচয়ের মানুষ—একদিকে বিতর্কিত দলবদলের ইতিহাস, অন্যদিকে বহুবারের বিধায়ক হিসেবে এলাকাভিত্তিক জনসংযোগ। এ কারণেই কেউ বলছেন, তিনি ১০০ ভোটও পাবেন না, আবার কেউ বলছেন, “এইবার জিত তাঁর নিশ্চিত।”
আরও কেউ কেউ মনে করছেন, দুলাল বর শেষ পর্যন্ত ISF বা অন্য কোনও সংখ্যালঘু-নির্ভর রাজনৈতিক শিবিরের দিকে ঝুঁকতে পারেন। তবে আপাতত তিনি নির্দল থেকেই রাজনৈতিক দাবার ঘুঁটি সাজাচ্ছেন।

বাম-কংগ্রেসও ছাড়ছে না মাঠ :

এই কেন্দ্রে লড়াই শুধু তৃণমূল-বিজেপি-দুলাল বরকে ঘিরেই নয়। বামফ্রন্টের প্রার্থী গৌর বিশ্বাস রয়েছেন ভূমিপুত্রের পরিচয় এবং তাঁর পিতার একাধিকবার বিধায়ক থাকার ঐতিহ্য রয়েছে। কংগ্রেসের প্রবীর কীর্তনীয়াও ভূমিপুত্র হিসেবে নিজস্ব ভোটব্যাংকের আশা ছাড়ছেন না।
ফলে ভোটের অঙ্কে বাগদা এখন এমন এক মঞ্চ, যেখানে প্রতিটি প্রার্থী নিজের পরিচিতিকে ঢাল বানিয়ে দাঁড়িয়ে আছেন।

তিনমুখী না চতুর্মুখী—বাগদার ভোটের ভবিষ্যৎ এখন রহস্য :
বাগদার রাজনৈতিক লড়াইয়ের সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই— লড়াই কি ত্রি-মুখী হবে? নাকি চতুর্মুখী?
তৃণমূল আশাবাদী তাদের সংগঠন ও ঠাকুরবাড়ির পরিচিতির জোরে। বিজেপি আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রীর প্রভাব ও মতুয়া ভোটের শক্তিতে। দুলাল বর আশাবাদী বিক্ষুব্ধ তৃণমূল-বিজেপি ভোট এবং সংখ্যালঘু ভোটের নিরিখে। আর বামফ্রন্ট-কংগ্রেসও নিজেদের শিকড়ের রাজনীতি নিয়ে আশার আলো ছাড়ছে না।
এই অবস্থায় ভোটের লড়াই যেন এক দার্শনিক নাটক— যেখানে মানুষ শুধু দল দেখে ভোট দিচ্ছে না, দেখছে আত্মসম্মান, পরিচিতি, ভূমিপুত্রত্ব এবং বহিরাগত প্রভাবের বিরুদ্ধে ক্ষোভের ভাষা।

শেষ কথা: বাগদার মাটি এবার ইতিহাস লিখবে–

বাগদা বিধানসভা এখন দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। এখানে প্রশ্ন শুধু কে জিতবে তা নয়— প্রশ্ন হল, বাগদার মানুষ কি ঠাকুরবাড়ির ছায়ায় থেকে যাবে, নাকি ভূমিপুত্রের ডাক শুনে নতুন রাজনৈতিক অধ্যায়ের দরজা খুলবে?
দুলাল বর হয়তো বিতর্কিত, হয়তো অনেকেরই চোখে অবিশ্বাস্য। কিন্তু ইতিহাস বলে— অনেক সময় প্রতিবাদের আগুন জ্বলে ওঠে ঠিক সেই মানুষটির হাত ধরেই, যাকে কেউ আগে গুরুত্ব দেয়নি।
আর তাই সব টিপ্পুনি, সব কটাক্ষের বাইরে দাঁড়িয়ে এটুকু বলা যায়— ২০২৬-এর বাগদা নির্বাচনে দুলাল বর নিঃসন্দেহে একটি বড় ফ্যাক্টর।
এখন শুধু অপেক্ষা— ৪ঠা মে, ভোটের রায় জানাবে বাগদার রাজনীতির ভবিষ্যৎ কোন পথে হাঁটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *