বিয়ে বাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক নিমন্ত্রিত, নববধূ-সহ ভর্তি বাগদা হাসপাতালে

পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের চ্যাঙ্গা চাঁদপুর গ্রামে এক বিয়ে বাড়ির ভোজ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন নববধূ-সহ শতাধিক নিমন্ত্রিত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, চ্যাঙ্গা চাঁদপুর গ্রামের বাসিন্দা নারায়ণ মুন্ডার বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রী ও কনেযাত্রী উভয় পক্ষের নিমন্ত্রিতরা বিবাহ ভোজ সেরে নিজ নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু কিছুক্ষণ পর থেকেই অনেকের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে। অসুস্থরা মূলত পাতলা পায়খানা, বমি, পেটে ব্যথা এবং মাথা ঘোরার মতো সমস্যায় ভুগতে থাকেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাদেরকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে নববধূ নিজেও রয়েছেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের তৎপরতায় সকলের চিকিৎসা শুরু হয়েছে এবং বেশিরভাগ রোগীই বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। তবে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে বাগদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিতোষ কুমার সাহা হাসপাতালে পৌঁছে অসুস্থদের সঙ্গে দেখা করেন এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এই ঘটনায় বিয়ে বাড়ির খাবার থেকেই খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *