নীরেশ ভৌমিক : মছলন্দপুর ইমন মাইম সেন্টার এর নবতম মূকাভিনয় প্রযোজনা “আজকের দ্রৌপদী” মঞ্চস্থ হল ১মার্চ মায়াপুর ইসকন এর গৌর পূর্ণিমা উৎসবের সাংস্কৃতিক মঞ্চে।

ধীরাজ হাওলাদারের ভাবনা ও নির্দেশনায় এই প্রযোজনায় অভিনয় করেছেন ১৫জন মূকাভিনয় শিল্পী। মহাভারতের যুগ থেকে আজকের যুগ পর্যন্ত নারীরা নানাভাবে অত্যাচারিত হয়েছে এবং হচ্ছে। সে যুগের দ্রৌপদীর মত এ যুগেও প্রতিদিন কোনো না কোনো দ্রৌপদীকে লাঞ্ছিত হতে হচ্ছে।

মহাভারতে পাণ্ডবরা পাশা খেলায় সব সম্পত্তি হারাবার পর দ্রৌপদীকে জুয়ায় বাজি রেখে হেরে যান এবং তার পরবর্তী ঘটনা তো সকলেই জানেন। দুর্ভাগ্য যে, দেশের নানা অংশ থেকে একই রকম ঘটনার খবর আমরা এখনও মাঝে মাঝেই পেয়ে থাকি।

সে যুগে ভগবান কৃষ্ণ দ্রৌপদীর লজ্জা রক্ষা করেন কিন্তু এখন এ যুগে কি ভগবান অবতার নেবেন আজকের দ্রৌপদী দের বাঁচাতে? নাকি নারীদেরই নিজেদের রক্ষা করার জন্য রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে ও প্রতিরোধ গড়ে তুলতে হবে?

এই প্রশ্নের উত্তর অনুসন্ধানই হল ইমনের এই নতুন প্রযোজনা “আজকের দ্রৌপদী”। প্রযোজনায় আলোক সম্পাত করেছেন সুজিত বণিক এবং আবহ তৈরি করেছেন জয়ন্ত সাহা। অভিনয়ে নজর কাড়েন বিষ্ণু রায়, পূজা মন্ডল, লাল্টু সেন, সৃজা হাওলাদার প্রমুখরা।

দর্শকরা এই প্রযোজনার উচ্ছসিত প্রশংশা করেন এবং শুধুমাত্র মনোরঞ্জনমূলক বিষয়ের বাইরে গিয়ে এমন একটি বিষয় নির্বাচন করার জন্য ইমন মাইম সেন্টারকে ধন্যবাদ জানান।


















Leave a Reply