সাড়ম্বরে অনুষ্ঠিত গোবরডাঙা গীতবীথির শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন

নীরেশ ভৌমিক : গত ২৯ মার্চ গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে ঘোষিত সময় ঘড়ির কাঁটায় ঠিক চারটেয় মঙ্গলদীপ প্রজ্বলন করে আয়োজিত গোবরডাঙা গীতবীথির তৃতীয় বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত

সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রেমী পবিত্র বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, অভীক বন্দ্যোপাধ্যায় ও শিক্ষিকা জবা কুণ্ডু। দীপ মন্ত্র উচ্চারণ করেন গর্বিতা দাস।

গীতবীথির প্রাণপুরুষ ও বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মিহির লাল চক্রবর্তী উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানের সদস্যগন সকল বিশিষ্টজনদের প্রস্ফুটিত লাল গোলাপ ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিরা তাঁদের বক্তব্যে সুস্থ সংস্কৃতি এবং শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও প্রসারে গীতবীথি ও তার কর্ণধার মিহির বাবুর ঐকান্তিক প্রয়াসকে সাধুবাদ জানান।

স্বাগতভাষন দেন মোহিতলাল চক্রবর্তী।প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমবেত কন্ঠের রাগ- বেহাগ খেয়াল সঙ্গীতের মধ্য দিয়ে আয়োজিত সঙ্গীত সম্মেলনের সূচনা হয়।

শ্রেষ্ঠা রায় ও পারমিতা বিশ্বাসের কন্ঠে- খেয়াল, ঠুংরি এবং তণুলা চক্রবর্তীর সুরেলা কন্ঠে গাওয়া গান হলভর্তি দর্শক মন্ডলীকে মুগ্ধ করে।

চিন্ময় পাল এর কত্থক নৃত্য, বিশ্বজিৎ নন্দী, তপন ভট্টাচার্য ও কালাচাঁদ শীলের তবলা বাদন, অসীম চৌধুরীর সেতার, জগন্নাথ দাস ও সুপ্রতিম প্রামাণিক এর হারমোনিয়ামের সুর এদিনের সঙ্গীত সম্মেলনকে আকর্ষণীয় করে তোলে।

বিশিষ্ট নাট্যাভিনেতা শৌভিক সরকারের সুচারু সঞ্চালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বহু দর্শক ও শ্রোতার সমাগমে বেশ প্রানবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *