সারা বাংলা জুড়ে পালিত হল একটি প্রযোজনা আয়োজিত বেঙ্গল রঙ মহোৎসব

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : একটি প্রযোজনা নাট্য সংস্থা এবছর তাঁদের নাট্যোৎসব “বেঙ্গল রঙ মহোৎসব”-এর আয়োজন করেছিল গত ৩০ ও ৩১মার্চ ২০২৬-এর বসন্ত সন্ধ্যায়। এই উৎসবে দুদিনে কলকাতা সহ ভিন্ন জেলার মোট পাঁচটি নাটক মঞ্চস্থ হয় মুক্ত-অঙ্গন রঙ্গালয়ে। ৩০মার্চ ঐক্যতানের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে নাট্যোৎসবের শুভ সূচনা হয়।

এরপর মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও নাটককার শ্রী প্রদীপ হালদার, শ্রী সুশান্ত বিশ্বাস, অরবিন্দ সরকার, নাট্য সমন্বয়ের সহ-সম্পাদক শ্রী সুদীপ্ত ব্যানার্জি, একটি প্রযোজনার সভাপতি রথীন্দ্র সেনগুপ্ত ও নাট্য গুরু শ্রীমতী সমাপ্তি ঘোষ। একটি প্রযোজনা’র পক্ষ থেকে অতিথিদের সম্মাননা জানানো হয় উত্তরীয়, সম্মাননা স্মারক, মিষ্টিমুখের মধ্য দিয়ে।

এরপর “নাটককারের চোখে নাটকের বিষয়বস্তু” নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন উপস্থিত নাট্যজনেরা। তাঁদের আলোচনার মধ্য দিয়ে উঠে আসে বাংলার নাট্য ভান্ডারের কথা, পাশাপাশি আমাদের মহাকাব্য রামায়ণ, মহাভারতের কাহিনী নাটকের ভান্ডার। এছাড়াও সমসাময়িক পরিস্থিতি, প্রতিবাদ, সামাজিক প্রেক্ষাপটও নাট্য রচনার ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয়।

সেমিনার শেষে একটি প্রযোজনা আয়োজিত দ্বিতীয় পর্বে শুরু হয় নাট্যানুষ্ঠান।এদিনের নাট্য সন্ধ্যায় প্রথম অভিনয় ছিল একটি প্রযোজনা’র ছোটদের অভিনীত নাটক “একটি সবুজের মৃত্যু”। নাটকটি লিখেছেন শ্রী সুশান্ত বিশ্বাস, নির্দেশনায় ছিলেন শ্রীমতী সমাপ্তি ঘোষ। পৃথিবীর দূষণের বীভৎসতা, পরিবেশ সচেতনতা ও রক্ষার আবেদন নাটকটির মধ্য দিয়ে ব্যক্ত করে একটি প্রযোজনা‘র ক্ষুদে কলাকুশলীরা।

দ্বিতীয় নাটক “শ্রীচরণেষূ” পরিবেশন করেন বসিরহাট মহুয়া নাট্য সংস্থা। সামাজিক অবক্ষয়ের এক করুণ ছবি নাটকটির মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন নাটককার ও নির্দেশক শ্রী অরবিন্দ সরকার। দ্বিতীয় দিনে প্রথম নাটক “না না হে” মঞ্চস্থ করেন খড়দহ থিয়েটার জোন। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে গম্ভীরা আঙ্গিকে লিখেছেন শ্রী সুব্রত কাঞ্জিলাল, নির্দেশনায় ছিলেন শ্রী তপন দাস। দ্বিতীয় নাটক “ভাড়াটে হইতে সাবধান” পরিবেশন করে টালিগঞ্জ রঙ্গ ব্যঙ্গ অদ্বিতীয়া। নাটককার শ্রী জ্যোতিষ্মান চট্টোপাধ্যের নাটকে সার্থক রূপ দেন নির্দেশক শ্রী সুশান্তনীল ঘোষ।

নিখাদ মজার ও হাসির নাটকটি দারুন উপভোগ করেছেন উপস্থিত দর্শকবৃন্দ। এদিনের শেষ নটক “তাহার নামটি রঞ্জনা” মঞ্চস্থ করেন চন্দ্রদ্বীপ নাট্যদল। নাটকটি লিখেছেন শ্রী বিধায়ক ভট্টাচার্য, নির্দেশনায় ছিলেন শ্রী প্রদীপ গুহ ঠাকুরতা। এই নাটকটি একটু মন্থর হলেও শেষমুহূর্তে নাট্যপ্রেমী দর্শকদের হৃদয় ছুয়ে যায়। সদর ও মফস্বল মিলিয়ে বেঙ্গল রঙ মহোৎসবে প্রতিটি নাটক দর্শকদের মনে জায়গা করে নেয় এবং বহুল প্রশংসাও পায়।

সকলের সহযোগিতা এই মহোৎসবকে সুন্দর ও সফল করে তুলেছে বলে তাঁদেরকে কৃতজ্ঞতা জানান সংস্থার নাট্য গুরু সমাপ্তি ঘোষ। সংস্থার সম্পাদক শ্রী ভাস্কর পাল জানান এবারের উৎসবে বহু দর্শকের সমাগম হয়েছে। তাই আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর ২০২৬ দ্বিতীয় বেঙ্গল রঙ মহোৎসবে আমরা আরও ভালো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারব বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *