নীরেশ ভৌমিক : গোবরডাঙার স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমার প্রয়াস’-এর উদ্যোগে ‘বোধন’ সেবাকেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনভর নানা অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ‘বোধন’ সেবাকেন্দ্রের কর্ণধার, সমাজকর্মী ও রাজ্য সরকারের প্রাক্তন আধিকারিক শ্রী পবিত্র কুমার বন্দ্যোপাধ্যায়।

উপস্থিত ছিলেন গোবরডাঙা গীতবিতান গানের স্কুলের কর্ণধার ও প্রশিক্ষক শ্রী মিহির লাল চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। পতাকা উত্তোলনের পর ক্ষুদে শিল্পী তথা ‘আমার প্রয়াস’-এর সদস্য বিতনু রায় ও অয়ন্তিক দাস-এর নেতৃত্বে ‘বন্দেমাতরম’ ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

দিনভর অঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশাত্মবোধ, ‘আমার সোনার বাংলা’ ও বাংলা ভাষা-সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অংশ নেয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IMA-র উত্তর ২৪ পরগণার সম্পাদক ও গোবরডাঙার পৌর স্বাস্থ্য আধিকারিক ডা. এন. সি. কর। বিশেষ অতিথি ছিলেন শ্রী আশিস দাস এবং বিশিষ্ট নাট্যশিল্পী শ্রীমতি দীপান্বিতা বণিক দাস।

সন্ধ্যায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, অতিথিদের বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে মেমেন্টো, শংসাপত্র, গাছের চারা ও জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিযোগী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

‘আমার প্রয়াস’-এর পক্ষ থেকে জানানো হয়, দেশাত্মবোধ ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলার এই উদ্যোগ আগামী দিনেও আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে।























Leave a Reply