পরিবেশ সচেতনতায় নতুন উদ্যোগ, বিবেক বীথিতে গঠিত হল ‘ইকো ক্লাব’ শিক্ষার্থীদের হাত ধরেই প্রকৃতিপ্রেম ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পরিবেশ রক্ষার দায়িত্ব কেবল প্রশাসন কিংবা পরিবেশকর্মীদের নয়, আগামী প্রজন্মের মধ্যেও পরিবেশ সম্পর্কে সচেতনতা, সংবেদনশীলতা ও দায়বদ্ধতা গড়ে তোলা সমান জরুরি। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যেতে এবং পরিবেশ সম্পর্কে তাদের জ্ঞান ও আগ্রহ বাড়াতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল উত্তর ২৪ পরগনার ‘তেপুল মির্জাপুর পরিবেশ সুরক্ষা সমিতি’। সমিতির উদ্যোগে গত ২১ নভেম্বর গোবরডাঙ্গার মেদিয়া ছাত্রকল্যাণ সমিতি পরিচালিত ‘বিবেক বীথি শিশু শিক্ষা নিকেতন’-এ গঠিত হল একটি ‘ইকো ক্লাব’।মেদিয়া জুনিয়র গার্লস হাইস্কুল ও বিবেক বীথির ছাত্রছাত্রীদের সম্মিলিত উদ্যোগে ইকো ক্লাবের পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে এই নতুন কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা হয়।

নিছক একটি সংগঠন গড়ে তোলাই নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, জীববৈচিত্র্য সম্পর্কে অনুসন্ধিৎসা এবং পরিবেশ সংরক্ষণের মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বর্ণালী দেবনাথ জানান, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীই এই ইকো ক্লাবের সদস্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ পরিবেশ রক্ষার এই উদ্যোগে অংশগ্রহণের সুযোগ থাকছে সকলের জন্য।মেদিয়া ছাত্রকল্যাণ সমিতির সম্পাদক নরেন্দ্রনাথ দাস জানান, ইতিমধ্যেই আগামী বছর ইকো ক্লাবের মাধ্যমে কী কী পরিবেশবান্ধব কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে, তার একটি সুপরিকল্পিত রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।কমিটির দুই সদস্য তথা প্রাক্তন ছাত্রী তিয়াসা নট্ট ও দীপ্তি দাসের কথায়, তাঁদের প্রথম কর্মসূচি হতে চলেছে ‘পাখি দেখা’।

চলতি ডিসেম্বর মাসেই এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাখিদের জীবনযাত্রা, প্রজাতির বৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিকে জানার আগ্রহ আরও বাড়বে বলে তাঁরা আশাবাদী।এই উদ্যোগের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ দীপক কুমার দাঁ, তেপুল মির্জাপুর পরিবেশ সুরক্ষা সমিতির পরিবেশকর্মী মৃণাল বিশ্বাস, মিঠুন সিংহ, সুমন দে ও তরুণ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হীরক প্রামাণিক, সাংবাদিক বাসুদেব মুখোপাধ্যায়, পরিবেশকর্মী আব্দুল অলিল ও পরিমল কান্তি ঘোষ প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন তপন দত্ত।

বস্তুত, পরিবেশ শিক্ষার প্রকৃত সার্থকতা কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না; তা বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও অংশগ্রহণের মধ্য দিয়েই পূর্ণতা পায়। সেই নিরিখে বিবেক বীথির এই ইকো ক্লাব গঠন নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। আজকের শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিকে জানার এবং ভালোবাসার যে বীজ বপন করা হল, আগামী দিনে তা-ই হয়তো পরিবেশ সংরক্ষণের এক শক্তিশালী সামাজিক আন্দোলনের ভিত্তি হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *