গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েত কর্মী অমর মজুমদারের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : দীর্ঘ ২১ বছরের কর্মজীবন শেষে গত ৩১ আগস্ট অবসরগ্রহণ করেন গাইঘাটা ব্লকের অন্যতম ডুমা গ্রাম পঞ্চায়েতের কর্মী অমর মজুমদার। এদিন পঞ্চায়েত প্রধান, উপ-প্রধান সহ তাঁর দীর্ঘদিনের সহকর্মীগণ অশ্রুসিক্ত নয়নে ও নানা উপহারে তাঁদের প্রিয় সহকর্মীকে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করেন।এদিন অপরাহ্ণে পঞ্চায়েত কার্যালয়ের সভাগৃহে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন, অঞ্চল প্রধান ছন্দা সরকার, উপ-প্রধান লক্ষ্মী ঘোষ,নির্বাহী সহায়ক মানবেন্দ্র নস্কর,নির্মাণ সহায়ক মানস সরকার, পঞ্চায়েতের বিরোধী দলনেতা চন্দ্রকান্ত দাস, পঞ্চায়েত সমিতির সদস্য সমীর সরকার,কর্মী সনাতন সেন,নিমাই সাধুকা সহ পঞ্চায়েত সদস্য-সদস্যা এবং অন্যান্য সহকর্মীগণ। সকলেই অমর বাবুর ব্যবহার এবং কাজের প্রতি আগ্রহ ও কর্তব্য নিষ্ঠার প্রশংসা করে বক্তব্য রাখেন এবং সেই সাথে তাঁর অবসরজীবনের সুখ-শান্তি ও সুস্থতা কামনা করেন। সহকর্মীদের ভালোবাসায় আপ্লুত অমরবাবু বলেন, আমিও এই গ্রামপঞ্চায়েতেরই বাসিন্দা। এই পঞ্চায়েতের ২০টি গ্রামের মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এই পঞ্চায়েত ও অঞ্চলবাসীগনের নিকট থেকে আমি অনেক সম্মান পেয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞ। তাই এই গ্রাম পঞ্চায়েত ও এখানকার মানুষজনকে আমি জীবনে ভুলতে পারব না।দীর্ঘ ১২ বছর যাবৎ বিভিন্ন নির্বাচনের সুপারভাইজারের দায়িত্বে থাকা অমর বাবুকে বিদায় শুভেচ্ছা জানাতে আসেন, তাঁর সহকর্মী ও শিক্ষক হিমাংশু হালদার, তপন মল্লিক, কালিচরণ সর্দার(বি.এল.ও),আসেন অমরবাবুর প্রাক্তন সহকর্মী নারায়ণ গুহ, নির্মল বিশ্বাস প্রমুখ। অমরবাবুর গুণমুগ্ধ সকলেই তাঁর অবসর জীবনের সুখ ও সুস্থতা কামনা করেন। পঞ্চায়েত কর্মী সুকান্ত ঘোষের সুচারু সঞ্চালনায় হলভর্তি মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অমরবাবুর এদিনের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *