কলমবাগানের ‘অঞ্জলী বেকারীতে’ খাদ্য সুরক্ষা দপ্তরের আকস্মিক অভিযান অপরিচ্ছন্ন পরিবেশ ও একাধিক অসঙ্গতি, সাময়িকভাবে বাতিল কারখানার লাইসেন্স

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : খাদ্যপণ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবার নজরদারি আরও জোরদার করল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার কলমবাগান এলাকার একটি পাউরুটি কারখানায় আচমকা পরিদর্শনে যান জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক ও তাঁর টিম। আকস্মিক এই পরিদর্শনে কারখানার পরিকাঠামো, উৎপাদন প্রক্রিয়া, পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।পরিদর্শনকালে কারখানার পরিবেশ ও ব্যবস্থাপনায় বেশ কিছু অসঙ্গতি নজরে আসে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশেষ করে উৎপাদনস্থলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। খাদ্য উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কারখানাটির লাইসেন্স সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধন ও নির্ধারিত খাদ্য সুরক্ষা বিধি মেনে চলার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।তবে এই সিদ্ধান্তকে স্থায়ী বন্ধের নির্দেশ হিসেবে দেখা হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রের খবর, আগামী দিনে ফের ওই কারখানায় পরিদর্শন করবে খাদ্য সুরক্ষা দপ্তরের টিম। পরবর্তী পরিদর্শনে যদি কারখানার পরিবেশ, পরিচ্ছন্নতা ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা আধিকারিকদের মনঃপূত হয় এবং প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করা হয়, তাহলে সাময়িক নিষেধাজ্ঞা ও লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হতে পারে।খাদ্যপণ্যের সঙ্গে সরাসরি মানুষের স্বাস্থ্য জড়িয়ে থাকায় এই ধরনের আকস্মিক পরিদর্শনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্থানীয় মহল।

বিশেষ করে পাউরুটি, বিস্কুট, মিষ্টি ও অন্যান্য প্রস্তুত খাদ্যপণ্যের ক্ষেত্রে উৎপাদনস্থলের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।খাদ্য সুরক্ষা দপ্তরের এই পদক্ষেপের ফলে শুধু সংশ্লিষ্ট কারখানা নয়, এলাকার অন্যান্য খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলিও স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে মেনে চলবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *