পরিচ্ছন্ন অঞ্চল গড়তে চাঁদপাড়ায় কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধন

নীরেশ ভৌমিক : এলাকার পরিবেশকে স্বচ্ছ-নির্মল ও দূষণ মুক্ত করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত ও গাইঘাটা ব্লক প্রশাসন কর্তৃপক্ষ। গত ১৮ সেপ্টেম্বর মধ্যাহ্নে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের অর্থানুকূল্যে চাঁদপাড়ার দেবীপুরে কৃষি মান্ডি সংলগ্ন এলাকায় নির্মিত কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন

জেলার অতিরিক্ত জেলা শাসক ডঃ সুজয় কুমার সিকদার, বনগাঁ মহকুমা শাসক প্রগতি নারিয়েলা, ছিলেন গাইঘাটা ব্লকের বিডিও অখিলেশ সাহা, জয়েন্ট বিডিও কুশ সার্দ্দার ও লিটন গাইন,

গাইঘাটা থানার আইসি শুভাশিস দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সমিতির বিরোধী দলনেত্রী অপর্ণা মণ্ডল, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বৈশাখী বর, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক প্রবীর ঘোষ ও পঞ্চায়েত সচিব সমীর বৈরাগী,

এছাড়াও ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের প্রতিনিধি সঞ্জীব চৌধুরী সহ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যাগণ।উদ্যোক্তারা বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদানে স্বাগত জানান।

বিশিষ্টজনেরা ফিতে কেটে প্রকল্প ক্ষেত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেই সাথে পতাকা নেড়ে কঠিন বর্জ্য সংগ্রহের জন্য প্রকল্পের যানবাহনগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।

স্বাগত ভাষণে বিডিও শ্রী সাহা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের অবিচ্ছেদ্য অঙ্গ এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। অঞ্চলের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি থেকে সংগৃহীত জঞ্জাল বা বর্জ্য পদার্থকে সম্পদে পরিণত করার বিষয়টি তিনি উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

অতিরিক্ত জেলা শাসক ডঃ সিকদার বলেন, গতকাল ১৭ সেপ্টেম্বর ছিল স্বচ্ছ-ভারত প্রকল্পের প্ৰবক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে পূরণ করে তুলতে আমাদের সকলকে অগ্রণী হতে হবে।

চাঁদপাড়া আগামী দিনে পৌরসভা হবে। এখনকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল করে তুলতে পাড়ায়-পাড়ায় ও বাড়ি-বাড়ি ঘুরে বর্জ্য ও আবর্জনা সংগ্রহ করে এনে পচনশীল ও অপচনশীল (প্লাস্টিক, ক্যারিব্যাগ) দ্রব্যাদি পৃথক করতে হবে।

পচনশীল বর্জ্য থেকে জৈব সার এবং অপচনশীল প্লাস্টিক-ক্যারিব্যাগ থেকে প্রাপ্ত রাসায়নিক পাকা রাস্তা নির্মাণে ব্যবহৃত হচ্ছে। এডিএম সুজয় বাবু আরোও বলেন, আধুনিক উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কাজ চলবে। এই ভ্যাট থেকে কোন দুর্গন্ধ ছড়াবে না।

এই প্রকল্পের বিশেষজ্ঞ ব্যক্তিগণ সর্বদা নজর রাখবেন, যাতে পরিবেশ দূষিত না হয়। এসডিও প্রগতি নারিয়ালা, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা দেবী ও বিরোধী দলনেত্রী অপর্ণা মণ্ডল সহ অন্যান্য বক্তাগণও এই প্রকল্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

এদিনের এই প্রকল্প উদ্বোধনের সময় স্থানীয় কিছু মানুষজন, এই ভ্যাট থেকে দুর্গন্ধ ছড়াবে এবং এলাকার পরিবেশকে দূষিত করবে সেকারনে এখানে এই প্রকল্প বন্ধ করার দাবি জানান।প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত সকলকে আশ্বস্ত করে নবনির্মত বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *