পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : উৎসবের প্রকৃত আনন্দ যে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই সার্থকতা খুঁজে পায়, সেই মানবিক বার্তাই আরও একবার তুলে ধরল হেলেঞ্চার ঐতিহ্যবাহী সমাজকল্যাণমূলক সংগঠন ‘আলোর দিশারী’।
প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে দীপাবলি ২০২৬ উপলক্ষে সংগঠনের উদ্যোগে অসহায়, অবহেলিত ও প্রবীণ ১৫০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে আয়োজিত হল এক দিনব্যাপী আনন্দ উৎসব ২০২৬। উৎসবের আবহে স্নেহ, সম্মান, ভালোবাসা ও আন্তরিকতার পরশে প্রবীণ মানুষগুলির মুখে হাসি ফোঁটানোই ছিল এই মহতী উদ্যোগের মূল উদ্দেশ্য।
হেলেঞ্চা হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় সাদা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। মোমবাতিতে অগ্নিসংযোগ করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাগদা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মৃদুল সাহা (এম.ডি.)।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী স্বপন মণ্ডল, প্রাক্তন শিক্ষক রঞ্জিত কুমার রায়, বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা, ডাঃ সন্দীপ ঘোষ, সমাজসেবী সত্য মদক, শিবশংকর হালদার, খাদ্য দপ্তরের কর্মকর্তা শ্যামল খাঁন, সমাজসেবী চন্দন সরকার (বাপি), ড. হরিদাস বিশ্বাস, শিক্ষক অনুপ কুমার বিশ্বাস, অনুপ বালা-সহ এলাকার আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগত প্রত্যেক প্রবীণ নারী-পুরুষকে চন্দনের ফোঁটা ও ফুল দিয়ে সাদর অভ্যর্থনা জানানো হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় শরবতের গ্লাস। এরপর চা-বিস্কুট পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এক আন্তরিক মিলনমেলার আবহ।
শুধু আনন্দ উৎসবেই সীমাবদ্ধ থাকেনি ‘আলোর দিশারী’র এই উদ্যোগ।
প্রবীণদের শারীরিক সুস্থতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সকাল থেকেই হেলেঞ্চা হাইস্কুল প্রাঙ্গণে একাধিক অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং ব্লাড সুগার পরীক্ষারও বিশেষ ব্যবস্থা ছিল।
ফলে আনন্দের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতারও এক সুন্দর বার্তা পৌঁছে যায় উপস্থিত প্রবীণদের কাছে। এরপর দুপুরে আয়োজন করা হয় প্রীতিভোজের। অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে পরিবেশিত মধ্যাহ্নভোজের মেনুতে ছিল ভেজ মুগ ডাল, আলুভাজা, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, দই ও রসগোল্লা।
সকলের সঙ্গে একাত্ম হয়ে আনন্দের পরিবেশে এই ভোজপর্বে অংশ নেন প্রবীণ অতিথিরা। খাওয়া-দাওয়ার পর উৎসবের আনন্দকে আরও একটু অন্য মাত্রায় পৌঁছে দিতে টোটো গাড়ির মাধ্যমে হেলেঞ্চার বিভিন্ন দুর্গাপুজো ও কালীপুজোর মণ্ডপ পরিদর্শনের ব্যবস্থা করা হয়। জীবনের সায়াহ্নে পৌঁছেও যে উৎসবের আনন্দ, নতুন কিছু দেখার উচ্ছ্বাস এবং মানুষের সান্নিধ্য কতটা মূল্যবান, প্রবীণদের উচ্ছ্বাসে যেন তারই প্রতিফলন দেখা যায়।
মণ্ডপ পরিক্রমা শেষে তাঁদের হাত দিয়েই প্রদীপ প্রজ্বলন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ আতশবাজি প্রদর্শনীর।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রত্যেক প্রবীণের হাতে একটি করে ব্যাগ ও একটি করে মশারি তুলে দেন সংগঠনের সদস্য-সদস্যারা। এর পাশাপাশি তাঁদের ইচ্ছের ভিত্তিতেই ব্যবহারযোগ্য পুরনো বস্ত্রও বিতরণ করা হয়।
উল্লেখ্য, হেলেঞ্চার ‘আলোর দিশারী’ কেবল একটি সমাজকল্যাণমূলক সংগঠনই নয়, বরং দীর্ঘদিন ধরে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। সংগঠনের সদস্য-সদস্যাদের মার্জিত ব্যবহার, আন্তরিক আতিথেয়তা এবং অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড নিঃসন্দেহে এলাকার মানুষের হৃদয় স্পর্শ করেছে।
এই মহতী উদ্যোগের নেপথ্যে যাঁদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য, তাঁদের মধ্যে রয়েছেন সুজল বৈদ্য, রনিতা রায়, শক্তি দেবনাথ, আকাশ বালা, সুচন্দন বিশ্বাস, অমিত সরকার, নিত্যগোপাল দেবনাথ, রিমা স্বর্ণকার-সহ ‘আলোর দিশারী’র অন্যান্য সদস্য-সদস্যারা।
আসলে বার্ধক্য জীবনের এক স্বাভাবিক অধ্যায়। এই সময়ে প্রবীণ মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে একটু সম্মান, সামান্য সান্নিধ্য, ভালোবাসা ও আপনজনের মতো কিছু মানুষের আন্তরিকতা। ‘আলোর দিশারী’র এই আয়োজন যেন সেই চিরন্তন সত্যকেই নতুন করে প্রতিষ্ঠা করল। দীপাবলির আলোকসজ্জার পাশাপাশি মানুষের জীবনে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আগামী প্রজন্মের কাছে অনুসরণযোগ্য।


















Leave a Reply