চাঁদপাড়ায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে তৃণমূলের রক্তদান উৎসবে রক্তদিলেন ৯১ জন

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও গত ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে রক্তদান এবং সেই সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেসের গাইঘাটা ব্লকের কর্মী ও সমর্থকগন।

এদিন সকালে চাঁদপাড়ার দলীয় কার্যালয় অঙ্গনে দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আয়োজিত উৎসব ও অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দলের বিভিন্ন পদাধিকারী’গণের মধ্যে ছিলেন, দলনেত্রী তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, বাপী দাস, অঞ্জনা বৈদ্য, জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ও দলনেতা দীপক দাস, গোলক ভট্টাচার্য, ভবেশ দত্ত, সমীর বিশ্বাস, শীতল দেবনাথ, উত্তম সরকার, উত্তম মন্ডল, উত্তম লোধ ও জয়দেব বর্দ্ধন প্রমুখ।

এদিনের রক্তদান শিবিরে, বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের বিশিষ্ট চিকিৎসক ডাঃ জি পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীগণ ৯১ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। রক্তদাতাদের মধ্যে দলীয় মহিলা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

দলীয় কার্যালয় প্রাঙ্গনের অস্থায়ী সুসজ্জিত মঞ্চে মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে সংগীত ও সংস্কৃতিপ্রেমী বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে সন্ধ্যায় মঞ্চে আসেন দলের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী এবং বিশিষ্ট শিক্ষাব্রতী ডঃ হুমায়ুন কবির।

ডঃ কবির দলীয় কর্মীগণ আয়োজিত স্বেচ্ছা রক্তদান উৎসবের ভূয়সী প্রশংসা করেন, সেই সাথে সকল কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মমতা ব্যানার্জীর নেতৃত্বে দল পুনরায় ক্ষমতায় আসবে বলে ডঃ কবির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *