পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : একটি প্রযোজনার উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, ‘হার ঘর তিরঙ্গা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও একটি প্রযোজনা-র উদ্যোগে ১৫ আগস্ট ২০২৬ তারিখে বসিরহাট বড় জিরাকপুরে সারাদিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পতাকা উত্তোলন করেন গোকুল পাল। এই অনুষ্ঠানে একটি প্রযোজনার সদস্য-সদস্যা ও কচিকাঁচা শিল্পীদের পাশাপাশি এলাকার বহু মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্বাধীনতার চেতনাকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপস্থিত সকলের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে ‘হর ঘর ত্রিরঙ্গা’ কর্মসূচিও যথাযথ মর্যাদায় পালন করা হয়। শিশুদের মধ্যে এই কর্মসূচি বিশেষ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সন্ধ্যায় দলের মহড়াকক্ষে আয়োজিত হয় এক মনোজ্ঞ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘বন্দে মাতরম’, অংশগ্রহণে সুস্মিতা দাস, তিতলি বাজ, হীরন্ময় কীর্তনীয়া, চন্দ্রজিত মন্ডল, প্রীতম দাস ও সঞ্চিতা দাস।

এরপর একাধিক দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করেন সুস্মিতা দাস, তিতলি বাজ ও সঞ্চিতা দাস, অর্পিতা, পম্পি ও কেয়া। কবিতা আবৃত্তি করেন রিক মণ্ডল।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দলের কচিকাঁচা শিল্পীদের নিজেদের উদ্যোগে লেখা ও মঞ্চস্থ দেশাত্মবোধক নাটক ‘দেশের মাটি’।

শিশুদের সৃজনশীলতা, অভিনয় ও দেশপ্রেমের ভাবনা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি. এম. এস. নেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডল মহাশয়, বসিরহাট ইছামতি সংবাদ-এর সম্পাদক পরিমল দে-সহ এলাকার বিশিষ্ট গুণীজনেরা। অপূর্ব মণ্ডল মহাশয় স্বাধীনতার প্রাসঙ্গিকতা ও তার মূল্যবোধ নিয়ে বক্তব্য রাখেন।

পরিমল দে ‘হার ঘর তিরঙ্গা’ কর্মসূচির তাৎপর্য এবং জাতীয় পতাকার প্রতি আমাদের যথাযথ সম্মান ও দায়িত্ববোধের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাস্কর পাল।সমগ্র অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টিমুখের আয়োজন করা হয়। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে। একটি প্রযোজনা-র এই উদ্যোগ স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি আন্তরিক ও প্রশংসনীয় প্রয়াস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।




















Leave a Reply