পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হতে চলেছে মাসব্যাপী ‘সেবা সংকল্প’।

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাস ধরে এই অভিযানের মাধ্যমে দলীয়ভাবে একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে বলে জানালেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সহঃসভাপতি লক্ষণ ঘোষ।

এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার বিকেলে বাগদার ‘সরকার লজ’-এ বিজেপির বাগদা মণ্ডল-১-এর উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশেষ কর্মীসভা। দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাকে ঘিরে তৈরি হয় উৎসাহ ও উদ্দীপনার আবহ।

ভারত মাতার প্রতিকৃতি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং ভারত মাতার বন্দনার মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিক পর্ব। পরবর্তীতে উত্তরীয় পরিয়ে মঞ্চে উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার সহঃসভাপতি লক্ষণ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের জনসেবা ও রাষ্ট্রসেবার স্মরণে আগামী এক মাস ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তাঁর কথায়, এই অভিযান শুধুমাত্র কোনও আনুষ্ঠানিক কর্মসূচি নয়—বরং জনসেবার আদর্শকে আরও বিস্তৃত করার একটি সম্মিলিত প্রয়াস। লক্ষণ ঘোষ জানান, ‘সেবা সংকল্প অভিযান’-এর অন্যতম তাৎপর্যপূর্ণ কর্মসূচি হিসেবে প্রতিটি পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

২৫ বছরের জনসেবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে সম্মিলিত সংকল্পের প্রতীক হিসেবে ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্জ্বলন করবে। এর পাশাপাশি মাসব্যাপী আরও একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, মানুষের পাশে দাঁড়ানো, সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করাই এই অভিযানের মূল লক্ষ্য।

আগামী এক মাস বাগদার বিভিন্ন প্রান্তে সংগঠনের কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচিগুলি বাস্তবায়িত হবে বলেও জানান তিনি।

এদিনের কর্মীসভায় বাগদা মণ্ডল-১-এর বিভিন্ন এলাকার অসংখ্য আঞ্চলিক নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। সভাকে কেন্দ্র করে দলের সাংগঠনিক তৎপরতায়ও নতুন গতি সঞ্চারিত হয়েছে বলে মনে করছেন উপস্থিত নেতৃত্ব।

সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সহঃসভাপতি লক্ষণ ঘোষ, বিজেপির বাগদা মণ্ডল-১-এর সভাপতি দিবাকর তরফদার, মণ্ডল-১-এর সহঃসভাপতি গণেশ বিশ্বাস, আনন্দ অধিকারী, প্রশান্ত মণ্ডল ও কল্যাণ বসাক, সম্পাদক অভিজিৎ সরকার ও দিলীপ ঘোষ-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও দলীয় কর্মীরা।

সব মিলিয়ে, নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবাকে স্মরণ করে প্রস্তাবিত মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে বাগদা মণ্ডল-১-এর এই কর্মীসভা দলীয় সংগঠনের ভিত আরও মজবুত করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে কর্মীদের আরও সক্রিয় করে তোলার বার্তাই দিল।























Leave a Reply