নীরেশ ভৌমিক : বাংলা সাহিত্যের কালজয়ী কবি বিনয় মজুমদারের ৯২ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করে ঠাকুরনগরের কবি বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি।
এদিন মধ্যাহ্নে ঠাকুরনগর ষ্টেশন সংলগ্ন কবির বাসভবন অঙ্গনে কবির স্মৃতি বেদী ও প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান কবির অনুরাগী কবি-সাহিত্যিক-গন।
জন্মদিন উপলক্ষে কবির স্মৃতিতে নবনির্মিত বিনয় সদন সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত কবি সম্মেলন ও আলোচনা-সভার উদ্বোধন করেন প্রবীণ কবি ও সাহিত্যিক তরুণ বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন, বিনয়-অনুরাগী বিশিষ্ট কবি বিভাস রায়চৌধুরী, পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক, ড. আশিসকান্তি হীরা, পরিবেশপ্রেমী শিক্ষক দীপক কুমার দাঁ,শিক্ষক অনুপম দে
কবি দেবশ্রী চক্রবর্তী ও অধ্যাপক ড. সুবীর সেন প্রমুখ। স্মৃতিরক্ষা কমিটির সভাপতি শিক্ষক দীপক মিত্র ও সম্পাদক শিবেন মজুমদার আগত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
সদস্যগন সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক,উত্তরীয় ও স্মারক সম্মানে ভূষিত করেন।বিশিষ্টজনেরা সকলে কবির জীবন, কর্ম ও তাঁর কাব্যচর্চার উপর আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখেন।
এদিন মঞ্চ থেকে কবির অনুরাগী বিশিষ্ট কবি ও সাহিত্যিক মৈত্রেয়ী ভট্টাচার্য ও বৈদ্যনাথ দলপতি তাঁদের লেখা গ্রন্থ উদ্বোধক শ্রী বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিকগন স্বরচিত কবিতা ও রচনা পাঠে অংশ নেন।
স্মৃতিরক্ষা কমিটির সাংস্কৃতিক সম্পাদক দীপক বালা জানান, কবির জন্মজয়ন্তী উপলক্ষে এবারে, ১৭- ২০ সেপ্টেম্বর বিনয়-সদন মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় ঠাকুরনগরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার সদস্যগন সংগীত, আবৃত্তি, নৃত্য, নাটক, মাইম ও মূকাভিনয় পরিবেশন করবে।
বিনয় অনুরাগী বহু কবি-সাহিত্যিকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে সাহিত্য আকাদেমি ও রবীন্দ্র পুরষ্কারে ভূষিত কবি বিনয়-মজুমদারের জন্মবার্ষিকী উপলক্ষে ৪ দিনব্যাপী আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানের প্রথম দিনের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।



















Leave a Reply