গোবরডাঙায় ‘পড়শী খাঁটুরা’র ষষ্ঠ বার্ষিক নাট্যোৎসব

নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙার অন্যতম নাট্যদল ‘পড়শী খাঁটুরা’র ৬ষ্ঠ বার্ষিক নাট্যোৎসব অনুষ্ঠিত হয় শিল্পায়ন স্টুডিও থিয়েটারের দীপা ব্রহ্ম মঞ্চে।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও জন্মদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত উৎসবের সূচনা হয়।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি ও শিল্পায়ন ষ্টুডিও থিয়েটারের কর্ণধার ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশিস চ্যাটার্জী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, আকাশবাণী কলকাতার অন্যতম নাট্য পরিচালক রফিউদ্দিন, প্রখ্যাত সেতার বাদক জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, প্রবীণ নাট্যব্যক্তিত্ব প্রদীপ রায় চৌধুরী, সাংবাদিক পাঁচুগোপাল হাজরা।

উদ্যোক্তারা সকলকে পুষ্পস্তবক, উত্তরীয়, মোমেন্টো ও বিদ্যাসাগরের বাঁধানো ছবি ও স্মারক উপহারে বরণ করে নেন। পড়শীর পক্ষ থেকে এবার আশিস গিরিকে প্রয়াত স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট নাট্যপরিচালক আশিস চ্যাটার্জীকে কালীচরণ বন্দ্যোপাধ্যায় শীর্ষক পুরষ্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপস্থিত নাট্য ও সাংস্কৃতিক জগতের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব আশিস গিরি ও আশিস চ্যাটার্জী জন্মদিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে নাটকের সেকাল ও একাল উল্লেখ করে গোবরডাঙার নাট্যচর্চার অতীত ইতিহাসের উপর আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখেন।

নাট্যানুষ্ঠানের আগে বিশিষ্ট নৃত্যশিল্পী চিন্ময় পালের মনোজ্ঞ নৃত্যের অনুষ্ঠান সমবেত সকলের প্রশংসা লাভ করে। পরিশেষে পড়শী প্রযোজিত সফল নাটক ‘শেষ প্রনাম’ উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

নাটকটির মূখ্য চরিত্রে সৌমেন ভট্টাচার্য ও শিশু শিল্পী সৌমেন কুন্ডুর সাবলীল অভিনয় সমবেত সকলের মনের মনি কোঠায় স্থান করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *