গোপালনগরের দীঘাড়ি অঞ্চলে অনুষ্ঠিত হল শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা

নীরেশ ভৌমিক : গত ৯ জুলাই বনগাঁর গোপালনগর থানার দীঘাড়ি অঞ্চলের সুসংহত শিশু বিকাশ প্রকল্প (I,C,D,S) দফতরের উদ্যোগে এবং দীঘাড়ি ভাষান চন্দ্র হাই স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় শিশু-সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা।

এদিন অপরাহ্নে বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভাকে সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বনগাঁ মহকুমা আদালতের আইনি পরিষেবা সমিতি।

সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুব্রত ব্যানার্জি, উপ-প্রধান সাধনা দেবী, বনগাঁ মহকুমা আদালতের বিচারপতি আবু-হাসেম জমাদার সহ কতিপয় আইনজীবী,ছিলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ বাবু ও আই,সি,ডি,এস এর অঞ্চল সুপারভাইজার অপর্ণা বিশ্বাস আগত সকলকে স্বাগত জানান।প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে আয়োজিত আলোচনা সভার সূচনা হয়।

বিশিষ্টজনদের বক্তব্যে শিশু শ্রম, শিশু পাচার, বাল্যবিবাহ , শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়গুলি উঠে আসে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাই শিশুদের সার্বিক কল্যাণে সমবেত সকলকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।

বিচারপতি মিঃ জমাদার শিশু ও নারীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষজনের উন্নয়নে বিনা খরচে আইনি পরিষেবা প্রদানের বিষয়ে আলোকপাত করে মূল্যবান বক্তব্য রাখেন।

পরিশেষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান এবং সুপারভাইজার অপর্ণা দেবীর পরিচালনায় শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ পরিবেশিত বাল্যবিবাহ রোধে সমাজ-সচেতনতার নাটক ‘বাল্যবিবাহ রোধ অভিযান’ উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

নানা অনুষ্ঠান ও বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে আই,সি,ডি,এস-আয়োজিত এদিনের শিশু সুরক্ষা বিষয়ক সভা ও অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *