নীরেশ ভৌমিক : রক্তের কোন বিকল্প নেই, মানুষের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়, তাই রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান। এই আদর্শকে সামনে রেখে বিগত বছরগুলির মতো এবারও এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে চাঁদপাড়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “নবদিশা ডেভেলপমেন্ট সোসাইটি”।

গত ৫ জুলাই সকালে চাঁদপাড়া বাজার বাসষ্ট্যান্ড চত্বরে আয়োজিত ২১তম বার্ষিক রক্তদান শিবিরে ৬৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন। বনগাঁ জে. আর. ধর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা: জি. পোদ্দারের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীগণ রক্ত সংগ্রহ করেন।

শুধু রক্তদান নয়, উদ্যোক্তারা এদিন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের দুঃস্থ শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে শুভেচ্ছা জানান। গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমের অনাথ, অসহায় পড়ুয়াদের বস্ত্র ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।এছাড়াও ছিল সকলের জন্য বিনামূল্যে সকলের জন্য স্বাস্থ্যপরীক্ষা শিবির।

উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শিবিরে আসেন, স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, সমাজসেবী প্রবীর রায়,তনয় সাহা, সঞ্জীব দাস, প্রবীর সেনগুপ্ত, সমাজকর্মী চন্দ্রকান্ত দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ কুন্ডু, শিক্ষক ও সমাজসেবী শঙ্কর নাথ প্রমুখ।

সংগঠন-সম্পাদক ও শিক্ষক নারায়ণ পোদ্দার ও সদস্য দেবব্রত দত্তসহ সকল সদস্যগন আগত বিশিষ্টজনদের স্বাগত জানান, সদস্যগণ সকল বিশিষ্টজনেদের পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানে বরণ করে নেন।

বিশিষ্টজনেরা সকলে নবদিশা ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যগণের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী প্রদান এবং সেই সঙ্গে রক্তদানের মতো মহৎ দানের কর্মসূচীকে অভিনন্দন জানান। সকলেই এই সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।





















Leave a Reply