মছলন্দপুর পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল গোবরডাঙ্গা নাবিক নাট্যমের এক নাট্য কর্মশালা

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর নাট্যকর্মশালায় সঙ্গীত ও ছৌ নাচের সমন্বয়েএক প্রাণবন্ত সংস্কৃতিক উপস্থাপনা। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ডলে এক উল্লেখযোগ্য নাম গোবরডাঙ্গা নাবিক নাট্যম, তাদের উদ্যোগে গত ১৭ ই মে ২০২৬ মছলন্দপুর পদাতিক মঞ্চে সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো নাট্য কর্মশালা।

এই কর্মশালাকে কেন্দ্র করে নাট্যপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এই কর্মশালার মূল বিষয় ছিল সংগীত ও ছৌ নাচের মাধ্যমে নাট্যচর্চার প্রসার।

এই কর্মশালায় অংশগ্রহণ করেন নবীন ও প্রবীণ নাট্যকর্মী, শিক্ষার্থী, সংস্কৃতি চর্চার সাথে যুক্ত যুবক-যুবতী এবং স্থানীয় শিল্পী মহলের বহু সদস্য ও সদস্যারা মিলে মোট ৫০ জন।

প্রদীপ প্রজননের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সংস্কার ভারতী, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি মাননীয়া শাশ্বতীনাথ মহাশয়া, প্রশিক্ষক হিসেবে ছিলেন সংগীতে মাননীয়া অনিমা দাস এবং ছৌ নাচের প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশিষ্ট নাট্য নির্দেশক তপন দাস মহাশয়।

এছাড়াও শরীর চর্চার উপরে প্রশিক্ষণ প্রদান করেন মাননীয় ধীরাজ হাওলাদার মহাশয়। নাট্য সংগীত, শরীর চর্চা, কণ্ঠস্বরের ব্যবহার, এবং লোক নৃত্য ভিত্তিক বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ মুলক আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয়।

অভিজ্ঞ প্রশিক্ষক এবং শিল্পীরা অত্যন্ত আনন্দের সঙ্গে অংশগ্রহণকারীদের হাতে কলমে শিক্ষা প্রদান করেন। কর্মশালাটি পরিচালনা করেন গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্যনির্দেশক শ্রী জীবন অধিকারী, তিনি জানান বর্তমান সময়ে লোকসংস্কৃতি ও বাংলা নাট্যধারা কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরী।

সেই উদ্দেশ্য নিয়েই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান আগামীতে আরো বৃহত্তর পরিসরে এই ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন, যাতে বিশেষ করে মফস্বলের প্রতিভাবান শিল্পীরা নিজেদেরকে বিকশিত করার আরও বেশি করে সুযোগ পান। সমগ্র অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত ও শিক্ষামূলক।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সমস্ত শিল্পীদের শংসাপত্র প্রদান করা হয়। কর্মশালাটির আর্থিক সহায়তায় সহযোগিতা করেছেন সংগীত নাটক একাডেমী, নিউ দিল্লি। দিনশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে সাংস্কৃতিক সম্প্রীতি ও নাট্যচর্চার এক সুন্দর পরিবেশ গড়ে ওঠে, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *