পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : সাধারণ মানুষের কল্যাণে সরকারি প্রকল্পকে আরও সহজলভ্য ও জনমুখী করে তুলতে তৃণমূল কংগ্রেস পরিচালিত বাগদা গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে সাড়ম্বরে উদ্বোধন হল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ফর্ম-ফিলাপ ও সহায়তা কেন্দ্রের।

বহু প্রতীক্ষিত এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ এখন এক ছাদের তলায় প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও আবেদনপত্র পূরণের সুযোগ পাচ্ছেন।স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, কয়েক মাস আগেও এমন একটি জনমুখী পরিষেবার কথা কল্পনাও করা যায়নি। প্রশাসনিক জটিলতা ও নানা প্রতিবন্ধকতার কারণে সাধারণ মানুষকে বিভিন্ন কাজে হয়রানির শিকার হতে হতো।

কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, আর সেই পরিবর্তনের ইতিবাচক প্রতিফলনই দেখা গেল এই সহায়তা কেন্দ্রের উদ্বোধনে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত প্রতিনিধিরা জানান, মুখ্যমন্ত্রীর জনকল্যাণমূলক ভাবনার সঙ্গেই সামঞ্জস্য রেখে মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই এই কেন্দ্রের মূল লক্ষ্য।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে যায়, সে দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।এলাকার প্রবীণ ও সাধারণ মানুষের বক্তব্য, এই উদ্যোগ শুধু একটি সহায়তা কেন্দ্রের সূচনা নয়, বরং প্রশাসন ও জনসাধারণের মধ্যে আস্থার নতুন সেতুবন্ধন। জনস্বার্থে গৃহীত এই পদক্ষেপ আগামী দিনে আরও বৃহত্তর সামাজিক কল্যাণের পথ প্রশস্ত করবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা।



















Leave a Reply