সীমান্তে বিএসএফের কড়া নজরদারি, বনগাঁয় গড়ে উঠছে হোল্ডিং সেন্টার, পেট্রাপোলের পুরনো ভবনেই শুরু প্রস্তুতি, প্রশাসনের তৎপরতায় জোর চাঞ্চল্য

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাজ্যের বিভিন্ন জেলা সহ সীমান্তবর্তী এলাকার পাশাপাশি এবার বনগাঁ মহকুমাতেও শুরু হলো হোল্ডিং সেন্টার তৈরির কাজ। বুধবার প্রশাসনের পক্ষ থেকে পেট্রাপোল সীমান্ত সংলগ্ন একটি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে সেখানে দ্রুত পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পেট্রাপোল সীমান্ত এলাকায় দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা একটি পুরনো তিনতলা ভবনকেই আপাতত হোল্ডিং সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।এ প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া স্পষ্ট ভাষায় জানান, “কোনও অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না।

তাঁদের রেখে দিলে দেশের মানুষের টাকায় চিকিৎসা ও ভরণপোষণের দায় ভার বহন করতে হবে। তাই বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে হোল্ডিং সেন্টারে পাঠানো হবে।” তিনি আরও জানান, বনগাঁয় আপাতত একটি কেন্দ্র তৈরি হলেও সরকারের নীতিমাফিক যেখানে যেখানে প্রয়োজন হবে, সেখানেই ভবিষ্যতে আরও হোল্ডিং সেন্টার গড়ে তোলা হবে।জানা গেছে, কয়েক বছর আগে পেট্রাপোল সীমান্তে কাঁটাতারের পাশেই মহিলাদের জন্য একটি হোম নির্মাণ করা হয়েছিল। তবে নানা কারণে সেটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা সেই ভবনকেই এখন নতুনভাবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। বুধবার থেকেই শুরু হয়েছে জঙ্গল ও আগাছা পরিষ্কারের কাজ।

পাশাপাশি বিদ্যুৎ সংযোগ, পানীয় জল ও অন্যান্য প্রাথমিক পরিকাঠামো গড়ে তোলার কাজও দ্রুততার সঙ্গে এগোচ্ছে।স্থানীয় সূত্রে খবর, শুধু এই ভবনই নয়, পেট্রাপোল স্টেশন সংলগ্ন ভবঘুরে আবাসের পাশে পাঁচিল ঘেরা আরও একটি ভবনকেও সম্ভাব্য হোল্ডিং সেন্টারের তালিকায় রাখা হয়েছে। সীমান্ত এলাকায় প্রশাসনের এই তৎপরতা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতে প্রশাসনের এই নতুন পদক্ষেপ আগামী দিনে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সীমান্তবাসী থেকে শুরু করে রাজ্যবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *