হেলেঞ্চার উদ্বাস্তু মতুয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্ক

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার হেলেঞ্চায় হিন্দু উদ্বাস্তু মতুয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবারের এই অনুষ্ঠানে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে সংবর্ধনা জানানো হলেও, সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বাগদার বিজেপি বিধায়ক সোমা ঠাকুর।

অভিযোগ, তাঁকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি।যদিও সোমা ঠাকুর দাবি করেন, কর্মসূচি সম্পর্কে তাঁকে অবহিত করা হয়নি এবং পরে তিনি জানতে পারেন, মমতা ঠাকুর পন্থী মতুয়া গোষ্ঠীর উদ্যোগেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাঁর অভিযোগ, তৃণমূলপন্থীরা ঘুরপথে বিজেপিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

অন্যদিকে, আয়োজক সংগঠনের সভাপতি চন্দন সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানান, সোমা ঠাকুরকে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, তিনি ঠাকুর পরিবারে জন্মগ্রহণ না করলেও উদ্বাস্তু মতুয়া সমাজের সন্তান হিসেবে তাঁদের আশীর্বাদ নিতেই এসেছেন।

পাশাপাশি উদ্বাস্তু মতুয়া যুবসমাজকে আইএএস, আইপিএস ও ডব্লুবিসিএসের মতো উচ্চপদে প্রতিষ্ঠিত করতে দেশজুড়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আশ্বাসও দেন।রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে মতুয়া সমাজের বিভিন্ন কর্মসূচিতে অশোক কীর্তনিয়ার সক্রিয় উপস্থিতি বিজেপির নতুন রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। ফলে মতুয়া রাজনীতির সমীকরণে নতুন জল্পনারও জন্ম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *