জনমানসে সচেতনতার আলো জ্বালাতে হেলেঞ্চায় HIV প্রতিরোধ কর্মসূচি

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : HIV সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করে সমাজে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে হেলেঞ্চায় অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। বুধবার, ১২ আগস্ট ২০২৬ সকাল ১১টায় হেলেঞ্চা বাসস্ট্যান্ড সংলগ্ন ত্রিকোণ পার্ক চত্বরে পশ্চিমবঙ্গ রাজ্য HIV প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

হেলেঞ্চা ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের রেড রিবন ক্লাব ও এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রোগটির সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং এইচআইভি আক্রান্ত মানুষের প্রতি সমাজের ইতিবাচক ও মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা থানার ওসি রাখোহরি ঘোষ, মহাবিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল

ড. রূপলিনা ব্যানার্জী, প্রফেসর কৌশিক সাউ, চন্দন বিশ্বাস, অধীর রায়, বাগদা গ্রামীণ হাসপাতালের প্রতিনিধি উজ্জ্বল দেবনাথ, বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য বিধান হাওলাদার, কলেজের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রী-সহ সংশ্লিষ্টরা।

তাঁদের বক্তব্যে সচেতনতা, সতর্কতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে। আয়োজকদের বক্তব্য, HIVকে ঘিরে ভয় বা সামাজিক বঞ্চনা নয়, প্রয়োজন সঠিক তথ্য, সচেতনতা এবং মানবিক সহমর্মিতা।

বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে পারলেই এইচআইভি সংক্রমণ প্রতিরোধের লড়াই আরও শক্তিশালী হবে।হেলেঞ্চার জনবহুল এলাকায় এমন কর্মসূচি আয়োজনের ফলে সচেতনতার বার্তা বৃহত্তর মানুষের কাছে পৌঁছেছে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগই এই ধরনের সামাজিক সচেতনতা কর্মসূচিকে আরও কার্যকর করে তুলবে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।এ দিনের অনুষ্ঠান সূচিতে ছিল। সকাল ৭.৩০মি: রেড-রিবন ম্যারাথন দৌড়।

সকাল ১১.০০ টায় উদ্বোধনী অধিবেশন এবং উপস্থিত সকলের মধ্যে লাল ফিতা ব্যাজ বিতরণ ও পরিধান। সকাল ১১.৩০ মি: পোস্টার চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এইচআইভি পরীক্ষা সম্পর্কে সচেতনতা। দুপুর ১২.৩০ মি: এইচআইভি/এইডস নিয়ে স্ট্রিট থিয়েটার/নুক্কাদ নাটক।

দুপুর ১২.৪০ মি:-এ এইচআইভি/এইডস বিষয়ক পাঠ ও তথ্য ও যোগাযোগ শিক্ষা (লিফলেট) বিতরণ। দুপুর ১২:৫০ মি:-এ এইচআইভি/এইডস সচেতনতামূলক নৃত্য। ১:১০- মি:এছিল যুব অঙ্গীকার। সর্বশেষ ১:২০ মি:এ ছিল,পুরস্কার বিতরণ ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *