পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ১৯৪৬-এর ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ ও পরবর্তী ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এ নিহত নিরীহ মানুষদের স্মরণে বসিরহাটে অনুষ্ঠিত হল ‘পাহাড় থেকে সমুদ্র’ শীর্ষক স্মরণ ও সাংস্কৃতিক কর্মসূচি।

পশ্চিমবঙ্গ লেখক শিল্পী সমন্বয় সমিতির তত্ত্বাবধানে ও পশ্চিমবঙ্গ নাট্য পরিষদের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে অংশ নেয় ‘একটি প্রযোজনা’ ও ‘দৃশ্যম’।সন্ধ্যায় একটি প্রযোজনার মহড়াকক্ষে শহীদ বেদিতে দীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য নিবেদন ও সমবেত কণ্ঠে ‘বন্দে মাতরম্’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

১৯৪৬-এর দাঙ্গার ইতিহাস ও তার অভিঘাত নিয়ে বক্তব্য রাখেন বি. এম. এস. নেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডল।এরপর দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে সন্ধ্যা। বিশেষ আকর্ষণ ছিল শিশু শিল্পীদের নাটক ‘স্বাধীনতার মূল্য’।

চন্দ্রজিত, হিরন্ময়, রিক, সুস্মিতা, সঞ্চিতা, তিতলি, গুনগুন ও প্রীতমের অভিনয়ে স্বাধীনতার তাৎপর্য ও আত্মত্যাগের কথা উঠে আসে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন একটি প্রযোজনার কর্ণধার ভাস্কর পাল ও দৃশ্যমের কর্ণধার সুপ্রিয় সরকার।

ভাস্কর পাল বলেন, ইতিহাসকে বিস্মৃত না করে তার শিক্ষা থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

শহীদ স্মরণ, ইতিহাসের পুনর্পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বসিরহাটের এই আয়োজন হয়ে উঠল সম্প্রীতির এক তাৎপর্যপূর্ণ বার্তাবাহক।






















Leave a Reply