স্বাধীনতা দিবসে গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : দেশের ৮০ তম স্বাধীনতা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে গাইঘাটার অন্যতম সমাজসেবী সংগঠন রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ।

এদিন সকালেই সেবাশ্রম প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাধীনতা দিবসের পুণ্যদিনে কলকাতা থেকে সকাল-সকাল আশ্রমে চলে আসেন নারকেলডাঙা ‘কলা চেতনা ফাউন্ডেশন’-এর সদস্যগন। আশ্রমের কর্ণধার শিক্ষক শঙ্করনাথ আগত সকলকে স্বাগত জানান।

জাতির স্বাধীনতা প্রাপ্তির শুভ দিনটিকে স্মরণীয় করে রাখতে কলা চেতনা ফাউন্ডেশন আশ্রমের অসহায় ও অনাথ পড়ুয়াদের জন্য খাবারের ব্যবস্থা করেন।

কলা চেতনা ফাউন্ডেশনের অন্যতম সদস্য অদ্রিজা পাল ও শান্তনু দে’র উদ্যোগে আশ্রম প্রধান শংকর বাবুর সহযোগিতায় সমস্ত আয়োজন সম্পন্ন হয়।

ফাউন্ডেশনের সদস্যগন এদিন সেবাশ্রম প্রাঙ্গণে গাছের চারাও রোপন করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে পার্শ্ববর্তী জলেশ্বর গ্রামের আদিবাসী পাড়ার ছাত্র-ছাত্রী ও তাদের মায়েরা ও যোগ দেন।

আদিবাসী পরিবারের পড়ুয়া কন্যারা মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করে। মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমবেত সকলে মধ্যাহ্ন ভোজনে মিলিত হন।

অপরাহ্ণে স্থানীয় সমাজসেবী সংস্থা ‘অকল বিদ্যালয়’ এর উদ্যোগে ও আশ্রমের ব্যবস্থাপনায় স্থানীয় ৫ জন অবসরপ্রাপ্ত সৈনিককে দেশের স্বাধীনতার শুভলগ্নে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

এদিন গাইঘাটার একসময়কার বাসিন্দা বর্ষীয়ান ও দয়াবান জগদীশ চন্দ্র দাস আশ্রমের সার্বিক কল্যাণে ৫০ হাজার টাকা দান করেন। আশ্রম সম্পাদক শিক্ষক গৌতম দাস জগদীশ বাবুকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত কবিপ্রণামের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে। উপস্থিত সকলে সমগ্র অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *