মহাসমারোহে উদযাপিত চাঁদপাড়া বানীবিদ্যাবীথির ৭৭ তম প্রতিষ্ঠা দিবস

নীরেশ ভৌমিক : গত ১৬ই আগস্ট, সকালে পতাকা উত্তোলন, নবপ্রতিষ্ঠিত মনীষীগণের আবক্ষ মূর্তির উন্মোচন,মাল্যদান ও মঙ্গলদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে সাড়ম্বরে শুরু হয় জেলার ঐতিহ্যবাহী চাঁদপাড়া বানীবিদ্যাবীথি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, জেলা বিদ্যালয় পরিদর্শক সুকুমার পসারী, সহ বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ পাল, গাইঘাটা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও বিদ্যালয়ের প্রশাসক

শুভঙ্কর বসু, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান ও সহপ্রধান শিক্ষক যথাক্রমে রবিউল ইসলাম ও নিখিল দাস, বিদ্যালয় পরিচালক সমিতির প্রাক্তন সভাপতি শান্তিপদ বিশ্বাস, প্রাক্তন সম্পাদক তরুণ মণ্ডল, সমাজকর্মী প্রবীর রায়, বিনয় দাস, তনয় সাহা প্রমুখ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম সাহা ও বিদ্যালয় কর্মী সংসদের সম্পাদক শিক্ষক সুশান্ত বিশ্বাস সকলকে স্বাগত জানান।বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্টজনেরা তাঁদের বক্তব্যে বিদ্যালয়ের পঠন-পাঠন, শৃঙ্খলা, খেলাধূলো ও বিভিন্ন পরীক্ষায় চমকপ্রদ ফলাফলের প্রশংসা করে বক্তব্য রাখেন।

বিধায়ক স্বপনবাবু এদিন বিদ্যালয় প্রতিষ্ঠাতা ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন এবং সেই সঙ্গে বিদ্যালয়ের প্রবেশ পথে স্থাপিত ভাষা শহীদ স্মারকবেদীতে ফুল-মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বিধায়ক শ্রী মজুমদার তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বদাই পাশে থাকার আশ্বাস দেন।এদিন মধ্যাহ্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের অধিকারী পড়ুয়াদেরকে পুরস্কার প্রদান করা হয়

এবং সেই সঙ্গে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চদশ স্থানাধিকারী বিশাল সাহাকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের

শুরুতে ছাত্র-ছাত্রীগণের সমবেত কণ্ঠে গাওয়া সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম্ সংগীতটি উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অপরাহ্নে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ পরিবেশিত সংগীত, নৃত্য, আবৃত্তি, নৃত্যনাট্য ও মূকাভিনয়ের অনুষ্ঠান বিদ্যালয়ের ৭৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে সার্থক করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *