পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রাখিবন্ধনের পবিত্র আবহে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাগদার মুখ উজ্জ্বল করা এটিএস একাডেমীর সোনার ছেলে-মেয়েদের জানানো হল বিরল সম্মাননা। হায়দ্রাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওপেন তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করে ৭টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ—মোট ১৪টি পদক জয়ী এটিএস একাডেমীর কৃতী খেলোতয়াড়দের সংবর্ধনা দেওয়া হল হেলেঞ্চায় একাডেমীর নিজস্ব কার্যালয়ে।

আজ বিকেলে একাডেমীর স্বনামধন্য কোচ জহিরুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় একাডেমীর অনুশীলন কক্ষে অনুষ্ঠিত হয় রাখিবন্ধন উৎসব ও হায়দ্রাবাদ বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান। একই মঞ্চে রাখির পবিত্র বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা এবং খেলোয়াড়দের অসামান্য সাফল্যকে সম্মান জানানোর এক অনন্য পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএস একাডেমীর সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী উত্তম কুমার সাহা, সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক ও লেখক সত্যেন বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষক বিষ্ণুপদ মণ্ডল, কুশল ভট্টাচার্য, সন্তোষ মিস্ত্রি, দেবাশিস টিকাদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাডেমীর সভাপতি উত্তম কুমার সাহা বলেন, রাখিবন্ধন শুধুমাত্র ভাই-বোনের ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসের উৎসব নয়; রাখির সুতো আসলে সমাজের প্রতিটি মানুষের মধ্যে ঐক্য, সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রতীক। জাতি, ধর্ম, বর্ণ কিংবা ভাষার বিভেদ ভুলে সকলের পাশে দাঁড়ানোর অঙ্গীকারই হওয়া উচিত এই পবিত্র দিনের মূল বার্তা।

একই সুরে বক্তব্য রাখেন একাডেমীর সহ-সভাপতি সত্যেন বিশ্বাস, ক্রীড়াবিদ ও শিক্ষক বিষ্ণুপদ মণ্ডল, সন্তোষ মিস্ত্রি এবং দেবাশিস টিকাদার। বক্তারা কৃতী খেলোয়াড়দের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামী দিনে আরও বড় সাফল্যের জন্য তাদের উৎসাহিত করেন।
বক্তাদের কথায় উঠে আসে, ক্রীড়া শুধু পদক জয়ের মাধ্যম নয়—ক্রীড়া শৃঙ্খলা, আত্মবিশ্বাস, ঐক্য ও সৌভ্রাতৃত্বেরও অন্যতম শক্তিশালী বাহক। তাই রাখিবন্ধনের সম্প্রীতির বার্তা এবং তাইকোয়ান্দোর শৃঙ্খলাবোধ—এই দুইয়ের মেলবন্ধন আগামী প্রজন্মের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিনের অনুষ্ঠানে একাডেমীর খেলোয়াড়দের উদ্দেশে প্রত্যাশা ব্যক্ত করা হয়, কোচ জহিরুল ইসলাম বিশ্বাসের সুযোগ্য দিকনির্দেশনায় তারা যেন আগামী দিনেও নিরলস অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের আরও শাণিত করে এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করে।
হায়দ্রাবাদের মাটিতে ১৪টি পদক জয়ের সাফল্য ইতিমধ্যেই বাগদার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। আগামী দিনে এই সাফল্যের ধারা আরও বহুগুণ বৃদ্ধি পাবে—এমনই প্রত্যাশা সকলের। অবহেলিত বাগদার প্রতিভাবান ছেলে-মেয়েদের ক্রীড়া-সাফল্যের মধ্য দিয়ে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরাই হোক এটিএস একাডেমীর আগামী দিনের অঙ্গীকার।




















Leave a Reply