নীরেশ ভৌমিক : কর্মজীবন থেকে অবসরগ্রহণের পরও সমাজের জন্য কিছু করা যায় এ বিষয়ে এলাকাবাসীর কাছে এক সুন্দর বার্তা তুলে ধরলেন চাঁদপাড়ার নবগঠিত ঢাকুরিয়া রিটায়ার্ড ফোরামের সদস্যগণ।

গত ১৫ নভেম্বর চাঁদপাড়া স্টেশন সংলগ্ন নেতাজী সংঘ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাই করে দেখালেন অবসরপ্রাপ্ত সমাজকর্মীরা।

এদিন সকালে অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাক্তন—সৈনিক বার্ষিয়ান দুর্গারতন ঘোষ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন,শ্রদ্ধার্ঘ্য নিবেদন, জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র বন্দেমাতরম এর মধ্য দিয়ে এ দিনের আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গাইঘাটা থানার আই,সি শুভাশিস দত্ত, সুটিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বিশ্বনাথ আঢ্য, চাঁদপাড়ার প্রধান দীপক দাস,

প্রবীণ সমাজকর্মী শান্তিময় চক্রবর্ত্তী, শিক্ষক শংকর নাথ, পার্থ বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য ইতা লোধ ও শান্তনু রায় প্রমুখ। উদ্যোক্তারা সকলকে উত্তরীয় ও পুস্পস্তবকে বরণ করে নেন।

বিশিষ্টজনদের হাত দিয়ে এলাকার ৯০ বা তদূর্ধ্ব কয়েকজন বয়স্ক ব্যক্তিকে শীতবস্ত্র, ছাতা ও নানা উপহারে শ্রদ্ধা জানানো হয় এবং সেই সাথে তাদের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করা হয়।

গ্রামের বিভিন্ন স্কুলের দুস্থ পড়ুয়াদের খাতা, কলম ইত্যাদি শিক্ষা সামগ্রী তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন বসে আঁকো প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীদেরও আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।

এদিনের আয়োজিত রক্তদান শিবিরে, বনগাঁ মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডা: গৌরী মন্ডল সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীগণ শিবিরে আগত ৬১জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন।

এলাকাবাসীসহ উপস্থিত সকলেই রিটায়ার্ড ফোরামের এই মহৎ ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।




















Leave a Reply