রাখীবন্ধন উৎসব উপলক্ষে ছোটদের অংকন প্রতিযোগিতা গাইঘাটা ব্লকে

নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মতো এবারও মর্যাদা সহকারে রাখীবন্ধন উৎসব পালিত হয় গাইঘাটা ব্লকে। গত ২৮ আগস্ট মধ্যাহ্নে ব্লক যুবকল্যাণ দফতর, গাইঘাটা পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় মঙ্গলদীপ-প্রজ্জ্বলন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত রাখীবন্ধন উৎসবের সূচনা হয়।

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, বিডিও কেয়া সরকার, জয়েন্ট বিডিও কুশ সর্দার ও লিটন গাইন, ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, সমিতির বিরোধী দলনেত্রী অপর্ণা মন্ডল, কর্মাধ্যক্ষ মধূসূদন সিংহ, অঞ্জনা বৈদ্য, সদস্য সমীর সরকার, ভবসিন্ধু বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী গোবিন্দ কুন্ডু ও ব্লকের যুবকল্যাণ আধিকারিক প্রদ্যুৎ বৈরাগী প্রমূখ।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে রাখীবন্ধন উৎসবের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ঐতিহাসিক দিক তুলে ধরেন এবং সেই সঙ্গে দিনটির তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দেন। কবিতা আবৃত্তি করে শোনান ঝুমকি মন্ডল।

ব্লকের কর্মী ও পঞ্চায়েত সমিতির সদস্যগণ ব্লক কার্যালয়ের সম্মুখের জাতীয় সড়ক যশোর রোডে চলাচলাকারী পথচলতি মানুষজন এবং যানবাহন চালকদের হাতে সৌভ্রাতৃত্বের রাখী পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

সকলের হাতে লাড্ডুও তুলে দেওয়া হয়। ব্লক আয়োজিত এবারের রাখীবন্ধন উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বসে আঁকো প্রতিযোগিতা।

বিশিষ্ট চিত্রশিল্পী ও প্রশিক্ষক মনতোষ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় ৩টি বিভাগে মোট ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

নানা অনুষ্ঠান ও বহু সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গাইঘাটা ব্লক আয়োজিত এদিনের রাখীবন্ধন উৎসব বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *