নীরেশ ভৌমিক : সম্প্রীতি ও সুরক্ষার বার্তা নিয়ে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে প্রতিবছরের ন্যায় এবারও অত্যন্ত সাড়ম্বরে পালিত হলো ‘ঠাকুরনগর বর্ণমালা’ আয়োজিত রাখি বন্ধন উৎসব। প্রতিবছরের ঐতিহ্য বজায় রেখে এ দিনটি কেবল ভাই-বোনের উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা রূপ নিয়েছে এক মহতী সামাজিক মেলবন্ধনে।

এবারের উৎসবের মূল আকর্ষণ ছিল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের উপস্থিতি। দেশের সীমান্ত রক্ষাকারী বীর জওয়ানদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ এক অন্যরকম আবেগ ও আলোকময় পরিবেশে ভরে ওঠে।

পরিবারের থেকে দূরে থাকা এই সেনানায়কদের হাতে রাখি পরিয়ে দেন বর্ণমালার সদস্য ও উপস্থিত সাধারণ বোনেরা। জওয়ানরাও এই ভালোবাসার উপহার পেয়ে অত্যন্ত আপ্লুত হন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‘ঠাকুরনগর বর্ণমালা’র এই মহতী আহ্বানে সাড়া দিয়ে এদিন সকাল থেকেই উৎসব প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন এলাকার অগণিত সাধারণ মানুষ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষ একসঙ্গে এসে এই উৎসবে শামিল হন।

একে অপরকে রাখি পরিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।সংস্থার পক্ষ থেকে ইন্দ্রনীল ঘোষ জানিয়েছেন- প্রতিবছরই তারা এই উৎসবের আয়োজন করে থাকেন, তবে জওয়ানদের উপস্থিতি এবারের আয়োজনকে এক ঐতিহাসিক মাত্রা দিয়েছে।

সাধারণ মানুষের এই বিপুল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে তাদের সামাজিক কাজের পরিধি আরও বাড়াতে উৎসাহিত করবে। সব মিলিয়ে, দেশপ্রেম এবং সামাজিক সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধনের সাক্ষী থাকল ঠাকুরনগরবাসী।




















Leave a Reply