নীরেশ ভৌমিক : আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণকে রাজ্য বিধানসভা ও দেশের লোকসভার কার্যাবলী ও রীতি-নীতি ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা দিতে রাজ্যের সরকার ও শিক্ষা দপ্তর বিগত কয়েক বছর যাবৎ ‘যুব সংসদ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত করে আসছে।

গত ১ সেপ্টেম্বর গাইঘাটা ব্লকে আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতায় ব্লকের ৮ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে।

এদিন সকালে ব্লকের সৃষ্টি হলে প্রদীপ প্রজ্জ্বলন ও পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী অপর্ণা মণ্ডলের গাওয়া দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে আয়োজিত প্রতিযোগিতাসমূহের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও কুশ সর্দার ও লিটন গাইন, পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি, শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, সদস্য সমীর সরকার, ভবসিন্ধু বিশ্বাস, শিক্ষা সচিব সুদীপ্তা ঘোষ ও ব্লকের যুব কল্যাণ আধিকারিক প্রদ্যুৎ বৈরাগী।

ছিলেন ব্লকের দুই অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু ও রজত রঞ্জন ঘোষ প্রমুখ।শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী সিংহ জানান, ৮টি বিদ্যালয়ের পড়ুয়ারা যুব সংসদ ছাড়াও তাৎক্ষণিক বক্তৃতা, প্রবন্ধ রচনা ও প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

যুব সংসদে প্রথম স্থান লাভ করে কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠ, দ্বিতীয় স্থান অর্জন করেছে ঢাকুরিয়া হাই স্কুল (চাঁদপাড়া) এবং তৃতীয় স্থান দখল করে ফুলসরা অঞ্চলের চৌগাছা মডেল স্কুলের (উঃ মাঃ) প্রতিযোগী ছাত্র ছাত্রীরা।

গাইঘাটা বালিকা ৩টি, ঢাকুরিয়া বয়েজ ৩টি, কলাসীমা হাই স্কুল ২টি, চৌগাছা মডেল- ২টি এবং ঘোজা হাই স্কুল ১টি এবং প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ঝাউডাঙা শাম্মিলনী হাইস্কুলের পড়ুয়া প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।

ঠাকুরনগর বালিকা ও ডেওপুল হাই স্কুলের প্রতিযোগীরা কোনো পুরস্কার লাভে অপারগ হয়।বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীগনকেই মেডেল প্রদান করা হয়।

যুব সংসদ প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিযোগীগণের হাতে দর্শনীয় ট্রফি তুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু জানান, বিভিন্ন প্রতিযোগিতায় শুধুমাত্র প্রথম স্থান অধিকারী প্রতিযোগীরাই জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এদিনের ব্লক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণের মধ্যে প্রতিযোগিতাকে ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।






















Leave a Reply