রানাঘাট, ৪ সেপ্টেম্বর : কিছু সাক্ষাৎ সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাস হয়ে ওঠে। ১৮৯৪ সালে রানাঘাটের তৎকালীন মহকুমা শাসকের বাসভবনে, এমনই এক ঐতিহাসিক সাক্ষাতে মুখোমুখি হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও রানাঘাটের তৎকালীন মহকুমা শাসক, কবি নবীনচন্দ্র সেন। সেই স্মৃতিই এবার পেল স্থায়ী ঠিকানা। আজ শুক্রবার রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে উন্মোচিত হল দুই কবির সেই ঐতিহাসিক সাক্ষাতের স্মারক স্মৃতিফলক।

কবি মিলন উৎসব কমিটি ২০২৬-এর পক্ষ থেকে স্থাপিত এই স্মৃতিফলকের আবরণ উন্মোচন করেন মহকুমা শাসক মুহাম্মদ সবুর খান। অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন এবং এই ঐতিহাসিক ঘটনার তাৎপর্য তুলে ধরেন। বক্তব্য রাখেন রবীন্দ্র গবেষক ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় এবং রানাঘাট স্টেশনের স্টেশন ম্যানেজার শান্তা প্রসাদ সিনহাও। তাঁদের কথায় উঠে আসে দুই কবির সাক্ষাতের সাহিত্যিক ও ঐতিহাসিক গুরুত্ব। এই উদ্যোগের নেপথ্যে ছিল সঞ্জয় মৌলিকের পরিকল্পনা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিফ কমার্শিয়াল সুপারভাইজার দীপক দাস। ব্যবস্থাপনায় ছিলেন স্টেশন মাস্টার তুষার মণ্ডল, ট্রেনস ক্লার্ক বিনিতা দাস এবং স্টেশন অ্যাসিস্ট্যান্ট প্রভাস দেব ও দেবরাজ বসু।আজকের ব্যস্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা স্মৃতিফলকটি তাই নিছক একটি ফলক নয়। ট্রেনের হুইসেল আর মানুষের কোলাহলের মাঝেও সে মনে করিয়ে দেবে—এই রানাঘাটেই একদিন মুখোমুখি হয়েছিলেন বাংলা সাহিত্যের দুই স্মরণীয় কবি, রবীন্দ্রনাথ ঠাকুর ও নবীনচন্দ্র সেন।




















Leave a Reply