পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নাটকের শহর গোবরডাঙার অন্যতম নাট্য দল ‘মৃদঙ্গম’, বিগত কয়েক মাস ব্যাপী জেলার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নাটকের কর্মশালা অনুষ্ঠিত করে চলেছে।

সম্প্রতি তাঁরা গাইঘাটা ব্লকের ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আটদিন ব্যাপী এক আয়োজিত নাট্যকর্মশালা সম্পন্ন করে। কর্মশালায় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গত ১৭ ই সেপ্টেম্বর বিদ্যালয়ভিত্তিক কর্মশালার শেষ দিনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীগন কর্মশালায় প্রস্তুত নাটিকা ‘রানী অহল্যা’ মঞ্চস্থ করে।

সেই সঙ্গে ছাত্রীদের সমবেত কন্ঠে পরিবেশিত দেশাত্মবোধক সংগীত উপস্থিত সকলকে মুগ্ধ করে। নাটকটির নাম ভূমিকায় স্কুল ছাত্রী মাইলী মল্লিক ও অরিস্মিতা সরকার এর সাবলীল অভিনয় উপস্থিত সকলের উচ্ছসিত প্রশংসা লাভ করে।

অভিভাবিকা চৈতালী সরকার ও মৃদঙ্গম এর কর্ণধার বরুণ কর সুস্থ সংস্কৃতির চর্চা ও বিদ্যালয়ে লেখা-পড়ার পাশাপাশি এ ধরনের সংস্কৃতি চর্চার গুরুত্ব ব্যক্ত করেন।এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষিকা ও কয়েকজন অভিভাবকও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্রীদের শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষিকা ইতি রায় ও অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক।

ইতি দিদিমনি ও সাংবাদিক নীরেশবাবু তাঁদের বক্তব্যে সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসার এবং সেই সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের প্রতিভার বিকাশে এ ধরণের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালা ও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের মধ্যে কর্মশালা ও অনুষ্ঠানকে ঘিরে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।




















Leave a Reply